• ‘দাদাগিরি’ চলবে না! এবার হাবড়া হাসপাতালে অ্যাম্বুলেন্সের রেট চার্ট
    বর্তমান | ০৫ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: রোগী রেফার হলেই শুরু হত নতুন দুশ্চিন্তা। হাসপাতালের বেড থেকে রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার আগেই প্রশ্ন উঠত, কত ভাড়া লাগবে? সেই ভাড়া ঠিক হত চালকের মর্জির উপর। অভিযোগ, অসহায়তার সুযোগ নিয়ে রোগীর পরিবারের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় হত এতদিন। এ নিয়ে অভিযোগ ওঠায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে টাঙিয়ে দেওয়া হল অ্যাম্বুলেন্সের রেট চার্ট। এর ফলে স্বস্তির হাওয়া হাসপাতাল চত্বরে। এই রেট চার্টে ওয়েটিং চার্জ ধরা হয়েছে ঘণ্টায় ১০০ টাকা।

    জানা গিয়েছে, গত কয়েকমাস ধরেই অ্যাম্বুলেন্স নিয়ে একাধিক অভিযোগ আসছিল হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডলের কাছে। কলকাতার বিভিন্ন হাসপাতাল কিংবা নার্সিংহোমে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার তুলনায় বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বহু রোগীর পরিবার। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলেন বিধায়ক। তারপরেই হাসপাতালের সামনে টাঙিয়ে দেওয়া হয় গন্তব্য ভিত্তিক ভাড়ার তালিকা। এখন পরিস্থিতি বদলেছে। হাসপাতাল চত্বরে দেখা যাচ্ছে, রোগীর পরিবারের সদস্যরা মোবাইলে রেট চার্টের ছবি তুলে রাখছেন। অ্যাম্বুলেন্সে ওঠার আগে মিলিয়ে নিচ্ছেন ভাড়া। অনেকেই সেই তালিকা দেখে টাকা মেটাচ্ছেন। ফলে অতিরিক্ত ভাড়া দাবি করার আর সুযোগ পাচ্ছেন না অ্যাম্বুলেন্সের চালকরা। স্থানীয় বাসিন্দা সুমন্ত বিশ্বাস বলেন, বাবাকে কলকাতায় নিয়ে যেতে হয়েছিল। আগে হাবড়া থেকে কলকাতায় যেতে একেকজন চালক একেকরকম ভাড়া দাবি করতেন। সঠিক ভাড়া কত, কেউ জানতেন না। এখন রেট চার্টের ছবি ফোনে তুলে রেখেছি। এতে সুবিধা হচ্ছে। সুমি সরকার বলেন, মায়ের চিকিৎসার জন্য প্রায়ই হাসপাতালে আসতে হয়। অ্যাম্বুলেন্সের রেট চার্ট তৈরি হওয়ায় এখন আর কোনো ধোঁয়াশা নেই। এই ব্যবস্থা সব সময় চালু রাখা উচিত। 

    এ নিয়ে বিধায়ক দেবদাস মণ্ডল বলেন, অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে অনিয়ম চলছে, এমন অভিযোগ আমার কাছে আসছিল। অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরা সবচেয়ে বিপদের মধ্যে থাকেন। তাঁদের কথা ভেবেই রেট চার্ট প্রকাশ্যে টাঙানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বার্থেই এই ব্যবস্থা স্থায়ী থাকবে। কোনো চালক বেশি ভাড়া নিলে পদক্ষেপ করা হবে।

    হাসপাতালে আসা মানুষজনের মতে, একটি বোর্ডই অনেক বড়ো সমস্যার সমাধান করেছে। চিকিৎসার খরচের চাপের মধ্যে অন্তত অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে আর অন্ধকারে থাকতে হবে না। এই রেট চার্টের সামনে এখন প্রায়শই দেখা যাচ্ছে এক পরিচিত দৃশ্য। মোবাইল বের করে ছবি তুলে নিচ্ছেন রোগীর পরিজনরা। কারণ, এই ছবিই এখন বাড়তি ভাড়ার বিরুদ্ধে তাঁদের সবচেয়ে বড়ো অস্ত্র!  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)