• বেঙ্গল টি-২০ লিগের উদ্বোধনে ঝুলন, মাঠ কর্মীদের হাতে তুলে দেওয়া হবে আইপিএলের পুরস্কারমূল্য
    আজকাল | ০৫ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পাঁচদিন হল আইপিএল শেষ হয়েছে। পাঁচদিন পরই শুরু ফুটবল বিশ্বকাপ। তারমধ্যেই শুরু হতে চলেছে বেঙ্গল টি-২০ লিগের তৃতীয় সংস্করণ। শুক্রবার সন্ধে সাড়ে ছ'টায় উদ্বোধন। সন্ধে সাড়ে সাতটায় প্রথম ম্যাচ। ছেলেদের বিভাগে গত বছরের বিজয়ী দল অ্যাডামস হাওড়া ওয়ারিয়র্স নামবে নোভাস রয়্যালস পুরুলিয়ার বিরুদ্ধে। ম্যাচ ইডেনে। পরের দিন শুরু মেয়েদের লিগ। যাদবপুর সল্টলেক ক্যাম্পাসে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা রয়েল টাইগার্সের মুখোমুখি হবে নোভাস রয়্যালস পুরুলিয়া। তবে এবার উদ্বোধনে কোনও চমক নেই। থাকছে না কোনও বিশেষ আকর্ষণও। আগের বছর বেঙ্গল প্রো লিগের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিয়েছিলেন সুনিধি চৌহান। কিন্তু এবার মুম্বইয়ের কোনও শিল্পী নেই। নেই কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বেঙ্গল টি-২০ লিগের ঢাকে কাঠি পড়বে।

    উদ্বোধনী অনুষ্ঠানে ছেলে এবং মেয়েদের মিলিয়ে ১৬ দলের অধিনায়ক মঞ্চে উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি সহ সংস্থার অন্যান্য কর্তারা। ট্রফি নিয়ে যাবেন গত বছরের ছেলে এবং মেয়েদের বিজয়ী দলের অধিনায়করা। তাঁদের সঙ্গে থাকবেন ঝুলন গোস্বামী। এবারের আইপিএলে সেরা মাঠের পুরস্কার পেয়েছে ইডেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাসের হাতে চেক তুলে দেওয়া হয়েছিল। বেঙ্গল টি-২০ লিগের উদ্বোধনী মঞ্চে সেই চেক তুলে দেওয়া হবে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি এবং মাঠ কর্মীদের হাতে। কারণ, তাঁরাই এই পুরস্কারের আসল প্রাপক।

    সামনেই ফুটবল বিশ্বকাপ। প্রায় একই সময় শুরু হচ্ছে লিগ। এমনিতেই গত দু'বছরে ফাঁকা গ্যালারিতে হয়েছে টুর্নামেন্ট। এবার সেই সম্ভাবনা আরও বেশি। জুনের গরমের মধ্যে চলবে ১৭ দিনের লিগ। কিছু ম্যাচ সন্ধে সাতটায় রাখা হলেও, সব ম্যাচ রাতে অনুষ্ঠিত করা সম্ভব নয়। তারওপর বর্ষা প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গে। সিএবির সচিব জানান, লিগ অনুষ্ঠিত করার জন্য বিসিসিআইয়ের থেকে শুধুমাত্র এই উইন্ডো পাওয়া গিয়েছে। তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে লিগ শেষ করতে হত। বাংলার ক্রিকেটারদের কথা ভেবে যাবতীয় প্রতিকূলতা উপেক্ষা করে এই লিগ আয়োজনের চেষ্টা করা হচ্ছে। সিএবি সভাপতি বলেন, 'আমাদের লক্ষ্য ক্রিকেটারদের প্রমোট করা। বর্তমানে টি-২০ ক্রিকেটের যুগ। এই ফরম্যাটে বাংলার ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াতে চাই। যাতে তাঁরা ভবিষ্যতে দেশের হয়ে খেলতে পারে। একই সঙ্গে আইপিএলেও সুযোগ পায়। মাঠে দর্শক আগের দু'বারও হয়নি। এবার যাদের আসার তাঁরা আসবে। তবে সেই নিয়ে আমরা ভাবছি না। এই লিগটা ক্রিকেটারদের জন্য করা হচ্ছে। সিএবির ওদের প্রতি দায়িত্ব আছে।'

    আগের দু'বছর কোকাবুরা বলে বেঙ্গল টি-২০ লিগ খেলা হয়েছে। কিন্তু এবার বল পাল্টাচ্ছে। এসজি বলে খেলা হবে। আগের দু'বছর টুর্নামেন্টে খুব বেশি বড় রান হয়নি। এটাও দর্শক না হওয়ার আরও একটি কারণ। সংক্ষিপ্ত ফরম্যাট সমর্থকরা চার-ছয় দেখতে চায়। সেই কারণেই কি বল বদলের পরিকল্পনা। বাবলু কোলে বলেন, 'অনেকেই বলেছে এটা ভাল বল। বাংলার ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির থেকে বড় আইকন নেই। ওর যখন এটা ভাল মনে হয়েছে, নিঃসন্দেহে সেরা।' সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়াররা রাজ্যের টি-২০ লিগে অংশ নেয়। কিন্তু এখানে মহম্মদ শামির খেলা নিয়ে সংশয় আছে। সিএবির কর্তা জানান, শামি কয়েকটি ম্যাচ খেলতে পারে। তবে এই বিষয়ে তিনি নির্দিষ্ট কিছু বলতে পারবেন না। এবার কোচিং প্যানেলে নেই লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহাদের মতো বড় নাম। যা গত দু'বছর ছিল। সিএবি সচিব জানান, এটা সম্পূর্ণ ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত। বেঙ্গল প্রো লিগ থেকে প্লেয়ার স্কাউট করা হবে। আইপিএলের চার ফ্র্যাঞ্চাইজির কর্তারা উপস্থিত থাকবে।
  • Link to this news (আজকাল)