লক্ষ্মীকান্তের লক্ষ্য এভারেস্টে আরোহণের হ্যাট্রিক করা
এই সময় | ০৫ জুন ২০২৬
তুষারক্ষতে আক্রান্ত তর্জণী সম্ভবত আর আগের অবস্থায় ফিরে পাবেন না পরপর দু’বার এভারেস্ট আরোহণকারী কলকাতা পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। বেশ কিছু দিন কাঠমাণ্ডুর হাসপাতালে চিকিৎসা করার পরে বৃহস্পতিবার সকালে কাঠমাণ্ডু থেকে সরাসরি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন লক্ষ্মীকান্ত। তাঁকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান কলকাতার প্রাক্তন নগরপাল মনোজ ভার্মা। কিছুক্ষণ কথাবার্তা চলার পরে তাঁর পরামর্শে চলে যান কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তুষারক্ষতের চিকিৎসার জন্য। সেখান থেকেই চিকিৎসকরা জানিয়েছেন, আঙুলের দুটো কর বাদ দিতে হবে।
এই নিয়ে লক্ষ্মীকান্তের অবশ্য কোনও হেলদোল নেই। বললেন, ‘আঙুল নিয়ে আমি চিন্তিত নই। আজ ব্যারাকপুরের ব্যারাকে রাত কাটিয়ে কাল তমলুকের বাড়িতে যাব। বাবা মায়ের সঙ্গে দেখা করে ফিরে এসে আবার প্রশিক্ষণ শুরু করব। আমার লক্ষ্য এভারেস্ট শীর্ষে পরপর তিনবার আরোহণ করে হ্যাট্রিক করা। এর পরে তেনজিং নোরকে ন্যাশনাল এওয়ার্ডের দাবিদার হওয়া।’
অবিবাহিত লক্ষ্মীকান্ত এই রকম ঝুঁকিপূর্ণ খেলার সঙ্গে যুক্ত এতদিন মা বাবা জানতেন না। জেনেছেন মিডিয়ার মাধ্যমে। তাই তাঁরা লক্ষ্মীকান্তকে সংসারী হতে বলছেন। কিন্তু লক্ষ্মীকান্ত এভারেস্টে আরোহণের হ্যাট্রিক না করে অন্য কিছুতে মন দেবেন না, বলে জানিয়েছেন।