‘শ্রী সিমেন্ট আর আসবে না’, জল্পনা উড়িয়ে দিলেন বাঙুর
এই সময় | ০৫ জুন ২০২৬
ইমামিকে নিয়ে সংশয়। ২২ বছর পরে দেশের সর্বোচ্চ লিগ জয়ের পরেও সামনের মরশুমে ফের সঙ্কটে ইস্টবেঙ্গল। নতুন ইনভেস্টরের খোঁজও নাকি চলছে। বুধবার রটে যায়, ইস্টবেঙ্গলে আবারও ফিরতে চলেছে শ্রী সিমেন্ট। যারা অতীতে ইস্টবেঙ্গলের ইনভেস্টর হিসেবে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিল। কিন্তু সত্যিই কি তাই? বৃহস্পতিবার এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙুর। ‘এই সময়’-কে তিনি বলেন, ‘এই খবর বিন্দুমাত্র সত্য নয়। আমরা আর কোনও ভাবেই ইস্টবেঙ্গলে ফিরছি না। পুরোটাই রটনা।’
ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার নাকি বুধবার শ্রী সিমেন্টের অফিসে গিয়েছিলেন। সেই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই প্রসঙ্গ তোলায় হরিমোহন বাঙুর বলেন, ‘অফিসে যে কেউ আসতে পারেন। এখানে তো কোনও বাধা নেই। তার মানে এই নয় যে আমরা ইস্টবেঙ্গলের সঙ্গে আবার যোগ দিচ্ছি। কোনও সম্ভাবনাই নেই।’
শুরুতে কয়েক মাস ভালোভাবে সব কিছু এগোলেও শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের সম্পর্ক দ্রুত খারাপের দিকে গিয়েছিল। কর্তারা শ্রী সিমেন্টের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন। ক্লাব পুরোপুরি হস্তগত করে নেওয়া হতে পারে, এমন মারাত্মক অভিযোগও সেই সময়ে করেছিলেন লাল হলুদের কর্তারা। দুই পক্ষের গরম-গরম বক্তব্যে সেই সময়ে তেতে থাকত মিডিয়া। এতদিন পরে আবার নতুন করে শ্রী সিমেন্টের নাম ওঠায় উৎসাহী হয়ে উঠেছিলেন সমর্থকরা। কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেন শ্রী সিমেন্টের কর্ণধার স্বয়ং।
ইমামি জানিয়ে দিয়েছে, ফেডারেশন যতক্ষণ না ফুটবল ক্যালেন্ডার স্পষ্ট করছে, তাদের পক্ষে এগোনো সম্ভব নয়। দিন চারেক আগে দীর্ঘ মিটিংয়ে আলোচনার পরেও কোনও রাস্তা বের হয়নি। যা খবর, ভিতরে-ভিতরে অন্য ইনভেস্টরের খোঁজও চলছে।