• উন্নয়ন সূচকে এগোতে উদ্যোগ, কেন্দ্রের সঙ্গে কথা শুভেন্দুর, আলোচনা হবে নীতি আয়োগেও
    এই সময় | ০৫ জুন ২০২৬
  • রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারলে সোনার বাংলা গড়া হবে- নির্বাচনী প্রতিশ্রুতিতে সাফ জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সব হেভিওয়েট নেতা–মন্ত্রী৷ গত ৪ মে বিধানসভা ভোটের ফলাফলে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি৷ এর পরেই ডাবল ইঞ্জিন সরকারের ঘোষিত নীতি অনুযায়ী ঝড়ের গতিতে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের দিকে নজর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ রাজ্য সরকারের সঙ্গে যৌথ সহযোগিতায় একের পর এক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গকে৷ এই কাজ করতে গিয়েই উচ্চপদস্থ সরকারি আমলারা দেখতে পেয়েছেন গত চার দশকে মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স (এইচডিআই)–এ ক্রমশ তলানিতে চলে গিয়েছে পশ্চিমবঙ্গ৷

    ১৯৮১ সালে মানব উন্নয়ন সূচক তালিকায় দেশের মধ্যে অষ্টম স্থানে ছিল বাংলা৷ এই অবস্থান থেকে ক্রমে পিছতে পিছতে ২০২৩–এর শেষে পশ্চিমবঙ্গ পৌঁছেছে ২৭ তম স্থানে৷ এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলার উন্নয়ন সুনিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সব রকমের সহযোগিতা করতে হবে, সরকারের শীর্ষ স্তরের তরফে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে৷ এই নির্দেশ হাতে পাওয়ার পরে সব কেন্দ্রীয় মন্ত্রকেই বাড়তি তত্‍পরতা লক্ষ্য করা যাচ্ছে৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরাসরি আলোচনা হয়েছে৷ তার ভিত্তিতেই তৈরি করা হচ্ছে আগামীর রূপরেখা৷ আগামী বৃহস্পতিবার, ১১ জুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আয়োজিত নীতি আয়োগের বৈঠকেও এই মর্মে হবে বিশেষ আলোচনা, এমনটাই জানানো হয়েছে সরকারি সূত্রে৷

    তাত্‍পর্যপূর্ণ হলো, হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স বা এইচডিআই হলো রাষ্ট্রপুঞ্জের ডেভেলপমেন্ট প্রোগাম (ইউএনডিপি) প্রণীত একটি সূচক৷ একটি দেশ বা রাজ্যের বাসিন্দাদের উন্নত জীবনের তিনটি স্তর স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মানকে বিবেচনা করে সংশ্লিষ্ট এইচডিআই সূচক তৈরি হয়ে থাকে৷ সারা বিশ্বের মধ্যে সুইৎজ়ারল্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স–এ প্রথম স্থানে আছে৷ ভারতের স্থান ১৩০৷ ভারতের মধ্যে প্রথম এইচডিআই সূচক যুক্ত রাজ্য হলো গোয়া৷ ১৯৭৭–এ রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছিল, ক্ষমতায় এসেছিল বাম সরকার৷ এর চার বছর পরে ১৯৮১–তে পশ্চিমবঙ্গের এইচডিআই ছিল অষ্টম স্থানে৷ ২০২৩–এর শেষে রাজ্য পৌঁছে গিয়েছে ২৭ তম স্থানে৷

    দিল্লিতে কর্মরত উচ্চপদস্থ কেন্দ্রীয় সরকারি আমলাদের একটি সূত্রের দাবি, রাজ্যের সার্বিক বিকাশকে পাখির চোখ না করে শুধু কেন্দ্র বিরোধী রাজনীতি করতে গিয়ে গত চার দশকে সার্বিক উন্নয়নের মূল স্রোত থেকে ক্রমেই দূরে সরে গিয়েছে বাংলা৷ এরই ফলশ্রুতিতে স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মান- এই তিনটি গুরুত্বপূর্ণ মাধ্যমে অন্যান্য রাজ্যের তুলনায় বঙ্গবাসী ক্রমশ পিছিয়ে পড়েছেন৷ বর্তমানে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরে ডাবল ইঞ্জিন সরকারের ঘোষিত নীতি অনুযায়ী, উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা গড়ার পথে পশ্চিমবঙ্গের হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স-এর উন্নতি হয় কি না, সেদিকেই চোখ থাকবে গোটা দেশের৷
  • Link to this news (এই সময়)