• নতুন ধারাবাহিক নিয়ে প্রযোজনায় ফিরছেন সুব্রত রায়! কোথায় দেখবেন 'সতীপীঠ কালীঘাট'
    eTV Bharat | ০৫ জুন ২০২৬
  • কলকাতা, 4 জুন: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'সতীপীঠ কালীঘাট' (Satipith Kalighat)। গতকালই প্রথম ঝলক দেখা গিয়েছে সংশ্লিষ্ট চ্যানেলে। এই ধারাবাহিকের প্রযোজনায় সুব্রত রায়, যাঁর হাত ধরে দর্শক উপহার পেয়েছে 'সাধক বামাক্ষ্যাপা', 'মহাপীঠ তারাপীঠ', 'করুণাময়ী রানী রাসমণি', 'ভানুমতীর খেল', 'দেবী চৌধুরানী'-সহ একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিক।

    উল্লেখ্য, টানা দশ বছর ধরে চলেছিল 'সাধক বামাক্ষ্যাপা'। নাম ভূমিকায় অভিনয় করেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। আট বছর দেখা গিয়েছিল অরিন্দমকে। এক সাক্ষাৎকারে অরিন্দম জানান, "এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না আর।" সত্যিই মিলে গিয়েছিল তাঁর কথা। সুব্রত রায়ের প্রযোজনায় ব্যাপক সাড়া পায় 'করুণাময়ী রানী রাসমণি'। রানী রাসমণির ভূমিকায় একদিন সকলের 'রানি মা' হয়ে ওঠেন দিতিপ্রিয়া রায়। একটি-দু‘টি নয়, টানা প্রায় পাঁচটি বছর বাংলা টেলিভিশনে দাপিয়ে বেরিয়েছে ধারাবাহিক 'করুণাময়ী রানী রাসমণি'৷

    2017 সালের 24 জুলাই থেকে শুরু হয়েছিল ধারাবাহিকটির সম্প্রচার। একেবারে নতুন এক কিশোরীকে দেওয়া হয় জানবাজারের রানীমার চরিত্র । শুরুতে রানীমা হিসেবে তাঁকে পছন্দ ছিল না ধারাবাহিকের গবেষক শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের । ভরসা জুগিয়েছিলেন পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস ৷ এরপরে কী হল তা তো ইতিহাস । সেই দিতিপ্রিয়া রায় আজকের বাংলা বিনোদন দুনিয়ার অন্যতম নাম । বড়পর্দা, ওয়েব সিরিজ সব ক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

    বাংলা টেলিভিশনে রানি মা, সাধক বামাক্ষ্যাপার স্রষ্টা সুব্রত রায় বেশ অনেকদিন পর ফিরছেন নতুন এক গল্প নিয়ে।

    মাঝে নানা কারণে ছন্দপতন ঘটলেও দর্শককে গল্প বলার ইচ্ছা তাঁর চিরকালের। তাই আরও একবার মা কালীকে সঙ্গে নিয়েই নতুন সফর শুরু করছেন তিনি। তবে, এই ব্যাপারে বিশেষ কিছু জানাতে নারাজ সুব্রত রায়। সবটা চমক হিসেবেই রাখতে চাইছেন তিনি। চ্যানেলে এসেছে প্রথম ঝলক। আর তাতেই নেটপাড়ায় খুশির হাওয়া। কবে থেকে কোন স্লটে দেখা যাবে এই ধারাবাহিক তা জানা যায়নি এখনও। মাইথোলজিক্যাল গল্প বলতেই অধিক পছন্দ সুব্রত রায়ের। সেই কারণেই বারবার তেমন বিষয় নিয়ে হাজির হন, এ কথা ইটিভি ভারতের প্রতিনিধিকে একবার জানিয়েছেন তিনি।

    প্রসঙ্গত, সুব্রত রায় বাংলা টেলিভিশনে প্রযোজক হিসেবে যেমন পরিচিত ছিলেন, তেমনি সম্পাদনা ও কনটেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রেও দীর্ঘদিন কাজ করেছেন। সন্দীপ রায় পরিচালিত বহু ফেলুদা ও রহস্যচিত্রের সম্পাদক হিসেবে সুব্রত রায় কাজ করেছেন তিনি। উল্লেখযোগ্য কাজগুলি হলো- 'বোম্বাইয়ের বম্বেটে', 'কৈলাসে কেলেঙ্কারি', 'টিনটোরেটোর যীশু', 'গোরস্থানে সাবধান', 'রয়্যাল বেঙ্গল রহস্য', 'যেখানে ভূতের ভয়', 'বাদশাহী আংটি', 'চার', 'ডবল ফেলুদা' সহ সম্পাদক হিসেবে একাধিক কাজ রয়েছে তাঁর।
  • Link to this news (eTV Bharat)