বাংলায় রাতারাতি ট্রেন্ডিং ‘বুলডোজার’! মালিক-চালকদের চওড়া কপাল বেড়ে দ্বিগুণ, মাসিক আয় জানলে চমকে যাবেন
eTV Bharat | ০৫ জুন ২০২৬
জলপাইগুড়ি, সুরজিৎ দে: বাংলাতেও বুলডোজার ট্রেন্ড! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। ভাড়া কত জানলে চমকে যাবেন! বাংলাজুড়ে হঠাৎ করেই ‘বুলডোজার’ এখন ট্রেন্ডিং শব্দ। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে সারি সারি বুলডোজারের ছবি ও ভিডিও। সম্প্রতি শিলিগুড়ির উপর দিয়ে ট্রেনে করে একাধিক বুলডোজার যাওয়ার ভিডিও ভাইরাল হতেই নতুন করে চর্চা শুরু হয়েছে, এত বুলডোজার কেন?সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল সব জায়গাতেই এখন একটাই আলোচনা, বুলডোজার। কোথাও ভাঙা, কোথাও নতুন নির্মাণ দুই ক্ষেত্রেই এই যন্ত্রের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো।
তবে শুধু ট্রেন্ড নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বড় অর্থনীতিও। বুলডোজার ভাড়া নিতে চাইলে কত খরচ? এই প্রশ্নও এখন ঘুরছে মানুষের মনে। বুলডোজার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘণ্টা প্রতি প্রায় ১২০০ টাকা ভাড়া নেওয়া হয়। এর মধ্যেই থাকে যন্ত্রের খরচ, চালকের পারিশ্রমিক এবং অন্যান্য ব্যয়। কাজের ধরন অনুযায়ী সময় হিসেবেই নেওয়া হয় টাকা।
বুলডোজার মালিক চম্পু যাদব বলেন, আগের তুলনায় অনেকটাই চাহিদা বেড়েছে। বিভিন্ন সরকারি কাজ থেকে শুরু করে বেসরকারি কাজে বা রাজনৈতিক দলগুলিও ব্যবহার করছে। এতেই লক্ষীলাভ লাভ তাদের। চালকদের কথায়, আগের তুলনায় কাজ কিছুটা বেড়েছে। বিভিন্ন এলাকায় ভাঙা থেকে শুরু করে নতুন নির্মাণ সব ক্ষেত্রেই ডাক পড়ছে তাদের। মাসিক আয়ও কম নয় প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে। আর এই ট্রেন্ডের অন্য দিকও রয়েছে। কারও কাছে বুলডোজার মানে রোজগারের নতুন সুযোগ, আবার কারও কাছে তা সর্বনাশের প্রতীক। যেখানে ভাঙচুর চলছে, সেখানে ক্ষতিগ্রস্তদের জন্য এটি দুঃখের কারণ। এই বুলডোজার ট্রেন্ড এখন বাংলার নয়া চর্চা তা বলাই বাহুল্য।