• প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে ত্রাণসামগ্রী সরানোর অভিযোগ, পিঁয়াজগঞ্জে আটক হল
    News18 বাংলা | ০৫ জুন ২০২৬
  • প্রাক্তন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী তথা মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা-র বাড়ি থেকে সরকারি ত্রাণসামগ্রী সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মগরাহাট পশ্চিমের শিরাকোল পিঁয়াজগঞ্জ এলাকায়। স্থানীয় বাসিন্দারা একটি সরঞ্জামবোঝাই গাড়ি আটক করে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে উস্তি থানার পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটিতে ত্রিপল, কাপড় ও বিভিন্ন সামগ্রী বোঝাই ছিল। অভিযোগ, ওই মালপত্র গিয়াস উদ্দিন মোল্লার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। পরে পিঁয়াজগঞ্জ এলাকায় পঞ্চায়েত সদস্য সৌরভ নস্করের বাড়িতে সামগ্রীগুলি নামানো হয় বলে দাবি স্থানীয়দের। স্থানীয়দের একাংশের দাবি, গাড়িতে থাকা সামগ্রী সরকারি ত্রাণের মালপত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিযোগের বিষয়ে গিয়াসউদ্দিন মোল্লার থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    এদিকে আবার বেপাত্তা শওকত মোল্লা। গেলেন কোথায়? দিনভর তাঁর খোঁজেই তল্লাশিতে কখনও তাঁর বাড়ি কখনও ক্যাফের সর্বত্র চষে ফেলেছে এনআইএ টিম। সূত্রের খবর, বাইকে বাংলাদেশে পালানোর চেষ্টা করছেন তৃণমূল নেতা। প্রাক্তন বিধায়কের সঙ্গে রয়েছে তাঁর এক শাগরেদ। রয়েছে দু’টি ব্যাগও। কিন্তু এখনও তাঁর খোঁজ মেলেনি।শওকত মোল্লাকে ৮ই জুন তলব করেছে এনআইএ। তবে তাঁদের তদন্তের ইঙ্গিত, বাংলাদেশে পালিয়ে যাওয়া ছক করছেন তিনি। অন্তত এমনটাই আশঙ্কা করছে এনআইএ।

    প্রসঙ্গত, ভাঙ্গরের বিস্ফোরণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল এনআইএ। এই নিয়ে ভাঙ্গরের বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিনজন। এনআইএ সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনায় আহতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজে যে স্করপিও গাড়িটি ব্যবহার করা হয়েছিল। সেই স্করপিও গাড়িটি চালিয়ে নিয়ে গিয়েছিলেন সাইনুর মোল্লা। তাকে গ্রেফতার করল এনআইএ। এই মামলায় মোট গ্রেফতারেরর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩।
  • Link to this news (News18 বাংলা)