• নদীতে ভাসছে সর্ষে, মুগ ও সূর্যমুখী বীজের বস্তা! সরকারি সম্পত্তি লোপাটের চেষ্টা? রায়দিঘিতে শোরগোল
    News18 বাংলা | ০৫ জুন ২০২৬
  • : নদীতে ভাসছে সরষে, মুগ, সূর্যমুখী বীজের বস্তা। শতাধিক বস্তা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা নদীর পাড়ে ভিড় জমান। খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছয়। রাতের অন্ধকারে সরকারি সামগ্রী এভাবে নদীতে কে ফেলল তার খোঁজ চলছে। ঘটনাটি রায়দিঘির হরিণটানা বাজারের মৃদঙ্গভাঙ্গা নদীতে। স্থানীয় বাসিন্দারা এই বস্তা ভেসে আসতে দেখে নদীর পাড়ে ভিড় জমিয়েছিলেন। বস্তাগুলিকে নদী থেকে তোলা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা বস্তা বস্তা সরকারি সর্ষে বীজ, মুগ করাই বীজ এবং ধনচে বীজ নদীতে ফেলে দিয়ে গিয়েছে তা নিয়ে কানাঘুষো চলছে।

    নদীর পাড়ে ও জলের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিপুল পরিমাণ বীজের বস্তা মিলেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা প্রেমানন্দ জানা জানিয়েছেন, কৃষকদের মধ্যে বিতরণের জন্য আনা সরকারি বীজ সাধারণ মানুষের হাতে না পৌঁছে রাতের অন্ধকারে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় সুষ্ঠ তদন্ত চেয়েছেন তাঁরা।

    ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, কৃষকরা যেখানে বিভিন্ন কৃষি প্রকল্পের সুবিধার অপেক্ষায় থাকেন, সেখানে সরকারি বীজ এভাবে নষ্ট করা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে বিপুল পরিমাণ বীজ নদীতে ফেলা হল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

    ঘটনার পর প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং সরকারি সম্পদের অপচয়ের প্রকৃত কারণ সামনে নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)