• মুর্শিদাবাদে কালবৈশাখীর তাণ্ডব! আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নাবালক-সহ মৃত ২, শোকস্তব্ধ এলাকা
    News18 বাংলা | ০৫ জুন ২০২৬
  • : বৃহস্পতিবার বিকাল থেকেই মুর্শিদাবাদ জেলা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই চলছে কালবৈশাখীর তাণ্ডব। শুক্রবার সকালেও জেলার বিভিন্ন জায়গায় চলছে ঝড় ও বৃষ্টি। তবে মুর্শিদাবাদ আমের জেলা, সেই আম কুড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটল দুই জনের। প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে মৃত্যু হল এক নাবালক-সহ দুজনের। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সুতি এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালকের নাম আব্দুল কাসেম শেখ। তার বাড়ি সুতি থানার অন্তর্গত নয়াগ্রাম কুসুমগাছি গ্রামে।  বাড়ির পাশের একটি আমবাগানে আম কুড়াতে গিয়ে আচমকাই বজ্রাঘাতের শিকার হয় সে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, ঝড়-বৃষ্টির সময় সুতি থানার বহুতালী বৈষ্ণবডাঙা এলাকার বাসিন্দা শেখ আব্দুর রশিদ আমবাগানে অবস্থান করছিলেন। সেই সময় বজ্রাঘাতে তিনিও গুরুতর জখম হন। পরে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    আম বাগানের মধ্যেই একদিনে বজ্রাঘাতে দুই মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুজনের পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে । দুইজনের মৃত্যুতে কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার-সহ গ্রাম জুড়ে।

    মুর্শিদাবাদ জেলাতে বজ্রাঘাতে গত এক সপ্তাহে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত বুধবার দৌলতাবাদ ও ডোমকলে দুটি পৃথক জায়গাতে তিনজনের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়৷ এছাড়াও সম্প্রতি লালবাগ ও খড়গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয় দু’জনের। আজকে সুতিতে দুটি পৃথক জায়গাতে বজ্রাঘাতে প্রাণ কেড়ে নিল দু’জনের। ফলে এক সপ্তাহে এখনও পর্যন্ত প্রায় সাতজনের মৃত্যু হল মুর্শিদাবাদে বজ্রাঘাতে।
  • Link to this news (News18 বাংলা)