ম্যাট্রিমনি সাইটে ফাঁদ, ২৫ লক্ষের বেতনের টোপ দিয়ে ১৫ মহিলাকে প্রতারণা! শ্রীঘরে ‘মানিক রায়’
News18 বাংলা | ০৫ জুন ২০২৬
: ম্যাট্রিমনি সাইটে ভুয়ো পরিচয়ে প্রতারণা, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা ও গয়না হাতানোর অভিযোগে গ্রেফতার যুবক। সোশ্যাল ও ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে একাধিক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা ও গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে নৈহাটি থানার পুলিশ। ধৃতের নাম মনিউর রহমান ওরফে মানিক রায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ম্যাট্রিমনি সাইটে ভুয়ো পরিচয়ে প্রোফাইল খুলে বিভিন্ন মহিলার সঙ্গে যোগাযোগ করত। নিজেকে একটি নামী গাড়ি প্রস্তুতকারী সংস্থার কর্মী বলে পরিচয় দিত এবং দাবি করত, তার মাসিক বেতন প্রায় ২৫ লক্ষ টাকা। সেই পরিচয়ের ভিত্তিতে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রস্তাব দিত। অভিযোগ, বিয়ের আশীর্বাদ বা বিয়ের প্রস্তুতির নামে বিভিন্ন সময়ে মহিলাদের কাছ থেকে নগদ টাকা ও সোনার গয়না আদায় করত সে। পূর্ব বর্ধমান জেলার রসুলপুরের এক যুবতীর কাছ থেকেও একইভাবে টাকা ও গয়না নেওয়ার অভিযোগ উঠেছে। একই ধরনের প্রতারণার শিকার হন নৈহাটির এক যুবতীও। নৈহাটির ওই যুবতী থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে কলকাতার বউবাজার এলাকার ১ নম্বর প্রিন্সেস স্ট্রিট রোডের বাসিন্দা অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মনিউর রহমান ওরফে মানিক রায় প্রায় ১৫ জন মহিলার সঙ্গে একই কায়দায় প্রতারণা করেছে বলে অভিযোগ রয়েছে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না এবং প্রতারণার মাধ্যমে কত টাকা হাতানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, আরও কেউ প্রতারণার শিকার হয়ে থাকলে তদন্তে নতুন তথ্য সামনে আসতে পারে।