• অভিষেককে আউট করতে কাকলি ইন! সংসদে তৈরি হচ্ছে জোট?
    আজকাল | ০৫ জুন ২০২৬
  • রিয়া পাত্র

    বিধানসভার পুনরাবৃত্তি ঘটবে কি সংসদের লোকসভাতেও? বিধানসভার ধাঁচে, সংখ্যাগরিষ্ঠ 'তৃণমূল'রা জোট বেঁধে, বদলে দেবেন মমতা ব্যানার্জির পছন্দ করা লোকসভার দলনেতাকে ?

    বিধানসভায় ডামাডোলের পর থেকেই, নজর রয়েছে লোকসভার ২৮ জনের দিকেও। যে ২৮ জন, ২০২৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে, লোকসভার ভোট জিতে, গিয়েছেন সংসদে। কিন্তু ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই, মমতার আশেপাশে দেখা নেই বেশিরভাগ সাংসদের। এসবের মাঝেই, দফায় দফায় ক্ষোভ প্রকাশ করেছেন কাকলি ঘোষ দস্তিদার। শুক্রবার তিনি, আরও একটি পোস্ট করেন। তার পরেই জল্পনা তীব্র হয়, তাহলে কি এবারে সংসদেও বিক্ষোভ। অভিষেককে সরিয়ে দলনেতা কাকলিই? জল্পনার উত্তর চেয়ে আজকাল ডট ইনব কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানান, 'আমি জানি না।' অর্থাৎ এই জল্পনা সম্পর্কে তিনি মুখ খুলতে চাননি। 




    কিন্তু, শুক্রবার কী লিখলেন কাকলি? সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা, চার বারের সাংসদ, যিনি মমতা ব্যানারজির সঙ্গে থেকেছেন, লড়াই করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, তিনি কেবল নিজের স্বার্থের কথা ভাবেন বলে মনে হয়? এটি আসলে(সরকারের) নীতি ও শাসনের ব্যররথতার বিরুদ্ধে রায়।' যদিও এই পোস্টে এর থেকে এবশি কিছু খোলসা করেননি কাকলি। রাজনৈতিক মহলের মতে, তিনি তৃণমূল কংগ্রেসের চলমান রাজনৈতিক পরিস্থিতির দিকেই ইঙ্গিত দিয়েছেন।

    এমনিতেও, সাম্প্রতিককালে কাকলি-কল্যাণ কাজিয়া নিজেও বিস্তর জলঘোলা হয়েছে। তবে কল্যাণ ব্যানার্জি আবার বারেবারে প্রমাণ দিয়েছেন তিনি রয়েছেন 'দিদি'র পাশেই। ওয়াই চ্যানেলের ধর্নায় ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন। অন্যদিকে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর দিনে দিনে জল্পনা বাড়াচ্ছেন একাধিক মন্তব্যে। এই পরিস্থিতিতে রাজনীতিতে তীব্র গুঞ্জন, ঠিক 'ঋতব্রত' ছকেই, সংখ্যাগরিষ্ঠ সাংসদরাও নাকি, মমতার পছন্দকে বাতিল করে দিতে পারেন। কোনও তথ্য নিশ্চয়তা না থাকলেও, গত কয়েকদিনে জোর জল্পনা, অন্তত ২০জন সাংসদ নাকি নিজেদের মধ্যে একপ্রকার আলোচনা সেরেও ফেলেছেন। যেহেতু কাকলি ঘোষ দস্তিদারকেই মূলত বিদ্রোহী হতে দেখা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, পদ থেকে ইস্তফা দিয়েছেন। জল্পনা, তাঁকেই অভিষেকের জায়গায় বসানোর পরিকল্পনা।

     ইন্ডিয়া  জোটের বৈঠকে যোগ দিতে, মমতা ব্যানার্জি ৮ তারিখ যাচ্ছেন দিল্লিতে। তার আগেই কি কোনও বড় বদল সংসদ কক্ষে? চিঠি জমা পড়বে সেখানেও? কাকলি ঘোষ দস্তিদার জল্পনার নিরসন না করলেও, রাজনীতিতে গুঞ্জন থামছে না। যদি গুঞ্জন সত্যি হয়ে যায়, তাহলে দেশের রাজনীতিতে, ইন্ডিয়া জোটে তৃণমূলের গুরুত্ব কমে যেতে পারে অনেকটাই, রাজনীতিকদের মত তেমনটাই। 

     
  • Link to this news (আজকাল)