মিল্টন সেন, হুগলি: স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার দুপুরে চন্দননগরের জোসেফ ঘাটে ঘটনাটি ঘটে। রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও ওই ছাত্রের খোঁজ মেলেনি। নিখোঁজ ছাত্রের নাম আয়ুষ ঘোষ। ভদ্রেশ্বরের তেলিনিপাড়ার বাসিন্দা ওই পড়ুয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছিল আয়ুষ। বুধবার রাতে চন্দননগরের কয়েকটি স্কুলের কিছু ছাত্র নিজেদের মধ্যে ভিডিয়ো কলে আড্ডা মারছিল। সেখানেই স্কুল শেষে গঙ্গায় স্নান করতে যাওয়ার পরিকল্পনা করে তারা। সেই অনুযায়ী বৃহস্পতিবার প্রায় দুপুর দু'টো নাগাদ ছয় বন্ধু জোসেফ ঘাটে যায়। তার পরই সকলে মিলে গঙ্গায় স্নান করতে নামে। আর তখনই হঠাৎ আয়ুষ-সহ দুই ছাত্র গভীর জলে তলিয়ে যায়।
আয়ুষের এক বন্ধু বলে, "আমরা সবাই মিলে জলে মজা করছিলাম। আচমকা দেখি দু’জন জলের মধ্যে ভাসছে। প্রাণপণে লড়াই করছে বাঁচার জন্য। শেষপর্যন্ত একজনকে টেনে তুলতে সক্ষম হলেও আয়ুষকে আর উদ্ধার করা যায়নি।”
খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় তল্লাশি। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও আয়ুষের কোনও সন্ধান মেলেনি। ঘটনায় শোকাহত আয়ুষের পরিবার। পড়ুয়ার মৃত্যু ঘিরে এলাকায় গভীর উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।