'তৃণমূল ফেরত বিজেপি'র হাতে আক্রান্ত আদি BJP নেতারা!
আজকাল | ০৫ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বিবাদ, সেখান থেকে সংঘর্ষ। আহতদের সোজা যেতে হল হাসপাতালে। সিন্ডিকেট চালানোর প্রতিবাদ করায় মারধোর বলে অভিযোগ। আহত ষষ্ঠী চরণ আদক ধনিয়াখালির ২৬৩ নম্বর বুথের বিজেপি সভাপতি। চন্দন চৌবে শক্তিকেন্দ্র প্রমুখ ও জগন্নাথ রায় মন্ডল ১-এর সাধারন সম্পাদক। আহতদের প্রথমে পোলবা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আক্রান্ত ওই বিজেপি কর্মীদের অভিযোগ,মাকালপুর পঞ্চায়েতের তৃনমূল প্রধান ও কয়েকজন ঠিকাদারের সঙ্গে বসে সিন্ডিকেট নিয়ে আলোচনা করছিলেন নব্য বিজেপি পার্থ সারথী ঘোষ। কোন বিষয় নিয়ে তৃনমূল প্রধানের সঙ্গে কাঁচের ঘরে ঠিকাদার নিয়ে আলোচনা জানতে চাওয়ায় বিজেপি কর্মীদের সঙ্গে বচসা হয়। তারপর রাস্তার মোড়ে লোক জড়ো করে লাঠি-বাঁশ দিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ।
আহত বিজেপি কর্মীদের দাবী ভোটের ফল বেরোনোর পর যাঁরা বিজেপি হয়েছেন তাঁরা আগে তৃনমূল করতেন। এখন তাঁদের মতো পুরোনো বিজেপি কর্মীদের আক্রমণ করা হচ্ছে। দলের নেতৃত্বের কাছে তাঁদের আবেদন, 'যাঁরা পাঁচিলে বসে হাওয়া মাপছিলেন, তাঁরাই এখন সক্রিয় বিজেপি হয়ে আদি বিজেপি কর্মীদের সরিয়ে দিতে চাইছেন।' বিজেপি জেলা নেতৃত্বকে বিষয়টি অবগত করে, প্রতিকার চাইছেন আক্রান্ত কর্মীরা।
দাদপুর থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।