বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জন করার বার্তা মন্ত্রী দিলীপের
দৈনিক স্টেটসম্যান | ০৫ জুন ২০২৬
শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে ‘মায়ের নামে একটি গাছ’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সল্টলেকের সিটি সেন্টার ১-এর অনুষ্ঠানে আসেন তিনি। এরপর সেখান থেকেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবেশ রক্ষা করার বার্তা দেন তিনি।
এদিন সেখান থেকে তিনি বলেন, ‘পূর্বতন সরকারের আমলে গাছ কাটা হয়েছে। মাটি সাফাই করা হয়েছে। মাটি পাচার হয়েছে। এমনকী জঙ্গল সাফাই হয়েছে। জল, জঙ্গল ও জানোয়ার পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। আমি ধাপা ও জেলে মাছের ভেড়িতে পরিবেশ দিবস পালন করেছি।’
সেই সঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘পরিবেশরক্ষা করার কী প্রয়োজনীয়তা রয়েছে তা আমরা জানিয়েছি। রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ভেরি রক্ষা করার। নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে পরিবেশের প্রতি ভালবাসা প্রমাণ করতে হবে। কোনওরকম প্লাস্টিক ব্যবহার করবেন না।’ এবার থেকে তিনি সাধারণ মানুষকে প্লাস্টিক ব্যবহার না করার অভ্যাস তৈরি করতে বলেছেন। তার বদলে জৈব পদার্থ দিয়ে তৈরি করা ব্যাগ তিনি ব্যবহার করতে বলেছেন।
তিনি জানিয়েছেন, সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে সার্বিকভাবে কাজ করছে। মানুষকেও সাহায্য করতে হবে। সেই সঙ্গে তিনি স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির প্রসঙ্গে বলেন, ‘এতদিন ধরে বাংলায় কাজের পরিবেশ নষ্ট করা হয়েছে। যাঁদের স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে, তাঁরা সে সমস্ত অভিযোগ থানায় গিয়ে জানাক। এখন তো ভয় পাওয়ার কিছু নেই।’