• রাজভবনের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর জখম কলকাতা পুরসভার কর্মী
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জুন ২০২৬
  • রাজভবনের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার দুপুরে সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম হন কলকাতা পুরসভার এক কর্মী। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহতকে পুলিশের অ‍্যাম্বুল্যান্সে করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই বাস চালককে আটক করে বাসটিকে থানায় নিয়ে গিয়েছে।

    জানা গিয়েছে, ২৬এ সরকারি বাসটি হাওড়া থেকে কামালগাজির দিকে যাচ্ছিল। বাসটি রাজভবন থেকে বাঁ দিকে কেসি দাস মোড়ের কাছে যেতেই বিপত্তি ঘটে। সেই সময় পেছন থেকে একটি মোটরবাইক বাসটিকে ওভারটেক করার চেষ্টা করেন। মোটরবাইকটি ওভারটেক করে সোজা রেড রোডের দিকে বেরোনোর চেষ্টা করে।

    পুলিশ সূত্রের খবর, ওভারটেক করার সময়ে মোটরবাইক-সহ চালক বাসের চাকার তলায় চলে যান। তৎক্ষণাত মোটরবাইকটি দুমড়ে-মুছড়ে যায়। দুর্ঘটনার পরেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপরেই আহত ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত পুরসভার কর্মীর পরিচয় জানা যায়নি। তাঁর ডান দিকের পায়ে গুরুতর আঘাত লেগেছে। পুলিশ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)