• ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
    প্রতিদিন | ০৫ জুন ২০২৬
  • বৃহস্পতিবার রাতে পুলিশের জালে উঠেছেন স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। তাঁর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি, শ্লীলতাহানি ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। সরকারি পালাবদলের পর টলিউডের ফেডারেশনের মাথায় বসে থাকা স্বরূপের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে টলিপাড়া। টেকনিশিয়ান থেকে পরিচালক। ‘সর্বগ্রাসী’ স্বরূপের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ ছিল। বৃহস্পতিবার ফেডারেশনের সদস্য এক মেকআপ আর্টিস্টকে কাজ না দেওয়া, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার স্বরূপকে আলিপুর আদালতে পেশ করার পরেই বিষয়টি নিয়ে মুখ খোলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।

    টলিউডের বিভিন্ন সংগঠনের সঙ্গেই দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন স্বরূপ বিশ্বাস। টেকনিশিয়ান মহলের একাংশের মতে, ইন্ড্রাস্টির একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অনেকক্ষেত্রেই স্বরূপই ছিলেন শেষ কথা। ‘দিনের পর দিন বুক চিতিয়ে দুর্নীতি করার ফল ভুগতে তো হবেই’, এবার স্বরূপ গ্রেপ্তার হতেই স্টুডিওপাড়ায় সমালোচনার ঝড়। এই আবহেই মুখ খুলেছেন লকেট চট্টোপাধ্যায়ও। তিনি দাবি করেন, “স্বরূপের বিরুদ্ধে অভিযোগ তো নতুন নয়। বারো বছর আগে আমি সাংবাদিক বৈঠক করে সবটা সামনে এনেছিলাম। স্বরূপ বিশ্বাস ও অরূপ বিশ্বাস দু’জনে মিলে ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন, শেষ করে দিয়েছেন।” লকেটের আরও অভিযোগ, “স্বরূপ একা নন, তাঁকে ঘিরে ছিলেন বহু প্রভাবশালী ব্যক্তি। যাঁরা সর্বদা স্বরূপের ভুল সিদ্ধান্তে সায় দিয়ে গিয়েছেন।” সেই প্রসঙ্গ টেনেই লেকেটের দাবি, “স্টুডিওপাড়ার যে প্রভাবশালীদের জন্য বহু টেকনিশিয়ান, শিল্পীদের কাজ চলে গিয়েছে। তাঁদেরও শাস্তি হওয়া উচিত।”

    বৃহস্পতিবার রাতে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তারির পর ক্ষোভ উগরে দেন শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষও। তাঁর অভিযোগ, ‘ফেডারেশনের মাথায় বসে দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গেছেন স্বরূপ। ২০২১ সালে মুখ খুলেছিলাম বলে আমাকে ব্যান করা হয়েছিল। টেকনিশিয়ানদের চাপ দিয়ে আমার বিরুদ্ধে মিছিল করানো হয়েছিল। পেটের ভাত জোগাতে অনেক টেকনিশিয়ান মুখ বুজে অত্যাচার সহ্য করে গেছে দিনের পর দিন। ধর্মের কল বাতাসে নড়ে, এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম।’

    দীর্ঘদিন ধরেই ইন্ড্রাস্টির একাংশ শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ানরা অভিযোগ ছিল স্বরূপের বিরুদ্ধে। ফেডারেশনের মাথায় বসে যেভাবে একাধিক কাজ কেড়েছেন দিনের পর দিন। ক্ষমতার অপব্যবহার করে গোষ্ঠীতন্ত্র থেকে শিল্পীদের ব্যান করার কালচারও স্বরূপদের হাত ধরেই টলিপাড়ায় মাথাচাড়া দিয়েছিল। স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির পর নতুন করে সামনে আসতে শুরু করেছে একাধিক অভিযোগ।
  • Link to this news (প্রতিদিন)