তৃণমূল থেকে কংগ্রেসে চেয়ারম্যান-সহ ৬ কাউন্সিলর, হাতের দখলে মেখলিগঞ্জ পুরসভা
প্রতিদিন | ০৫ জুন ২০২৬
বাংলায় পালাবদলের পর একাধিক পুরসভা ভেঙে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান থেকে কাউন্সিলররা পদত্যাগ করছেন। সেই আবহে এবার দলবদল হল। তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান করলেন মেখলিগঞ্জ পুরসভার (Mekhliganj Municipality) চেয়ারম্যান-সহ ৬ কাউন্সিলর। ফলে হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের (TMC) কোচবিহার জেলার ওই পুরসভা। ঘটনায় উত্তরের রাজনীতিতে যথেষ্ঠ শোরগোল ছড়াল। আজ, শুক্রবার কলকাতার প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবনে এই দলবদল হল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত ধরে এই দলবদল হয়েছে।
কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভা অত্যন্ত ছোট। মাত্র ৯টি ওয়ার্ড আছে এই পুরসভায়। চেয়ারম্যান প্রভাত পাটনি। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল হয়। কোচবিহার জেলাতেও উড়েছে গেরুয়া আবির। গোটা উত্তরবঙ্গে বিজেপির জয়জয়কার। রাজ্যে পালাবদলের পর একাধিক পুরসভা ভাঙছে। উত্তর ২৪ পরগনার বারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পুরসভার কাউন্সিলর, চেয়ারম্যানরা পদত্যাগ করছেন। সাধারণ মানুষের পরিষেবা কীভাবে দেওয়া হবে? সেই নিয়ে প্রশ্ন উঠেছে।
সেই আবহেই এবার রাজ্যের উত্তরবঙ্গের এক পুরসভা বদলে গেল। মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি ও ছয় কাউন্সিলর এদিন দলবদল করলেন। জানা গিয়েছে, তাঁরা এতদিন তৃণমূল কংগ্রেস করতেন। আজ, শুক্রবার কলকাতার প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবনে তাঁরা দলীয় পতাকা তুলে নিলেন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, দেবপ্রসাদ রায়, বিশ্বজিৎ সরকার-সহ অন্যান্যরা। ন’জনের মধ্যে ৬ জন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। এই মুহূর্তে ওই পুরসভা কংগ্রেসের দখলে গেল বলে খবর।