পরিবেশ রক্ষায় পড়ুয়াদের হাতে তুলে দেওয়া আজব বল, ছুঁড়ে ফেললেই গজাবে গাছ
News18 বাংলা | ০৫ জুন ২০২৬
: ক্ষুদে পড়ুয়াদের হাতে ‘সিড বল’, সুন্দরবনে পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এবার মাঠে নেমেছে ক্ষুদে পড়ুয়ারাই। উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার সন্দেশখালীর আতাপুরে স্কুল পড়ুয়াদের নিয়ে ‘সিড বল’ তৈরির বিশেষ কর্মসূচির আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা সুখের স্বর্গ ফাউন্ডেশন।
বর্তমানে পরিবেশ দূষণ, বনভূমি ধ্বংস এবং জীববৈচিত্র্যের ক্ষয়ের ফলে প্রকৃতির ভারসাম্য ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষার কাজে নতুন প্রজন্মকে যুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রছাত্রীরা নিজের হাতে সিড বল তৈরি করে এবং তার ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করে। সিড বল হল মাটি ও প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ছোট বল, যার ভিতরে বিভিন্ন প্রজাতির গাছের বীজ রাখা হয়। নির্দিষ্ট সময়ে বৃষ্টির সংস্পর্শে এলে এই বীজ অঙ্কুরিত হয়ে নতুন গাছে পরিণত হয়। বিশেষ পরিচর্যা ছাড়াই অনাবাদী বা ফাঁকা জমিতে গাছ জন্মানোর ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর বলে মনে করছেন পরিবেশবিদরা।
সংস্থার উদ্যোগে পড়ুয়াদের শেখানো হয় কীভাবে সিড বল তৈরি করতে হয় এবং কীভাবে তা বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে হয়। সুখের স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোক্তা স্বপন সুঁই জানান, বর্ষা মরশুমে আগেই এই কর্মসূচি শুরু করা হয়েছে যাতে বৃষ্টির জল পেয়ে বীজ দ্রুত অঙ্কুরোদ্গম করতে পারে। ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা স্কুল চত্বর, রাস্তার ধারের ফাঁকা জায়গা এবং পরিত্যক্ত জমিতে সিড বল ছড়িয়ে দিতে শুরু করেছে। শিক্ষক-শিক্ষিকারাও এই কাজে তাদের উৎসাহিত করছেন এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলছেন।
উদ্যোক্তাদের মতে, এই ধরনের কর্মসূচি শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি ভালবাসা, পরিবেশ সচেতনতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতাও গড়ে ওঠে। সুন্দরবনের মতো পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে এমন উদ্যোগ ভবিষ্যতে সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা করা হচ্ছে।