• না আছেন সরকারি পদে, না পান বেতন! তবুও রোজ ঝাঁটা হাতে নীরব লড়াই চালাচ্ছেন ইনি
    News18 বাংলা | ০৫ জুন ২০২৬
  • : ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। একদিকে সভ্যতার আগ্রাসন ও উন্নয়নের ইঁদুর দৌড়ে ক্রমশ দূষিত হচ্ছে প্রকৃতি, হারাচ্ছে ভারসাম্য। আর এসবের মাঝেই পশ্চিম মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে নীরবে একাই পরিবেশ রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কোনও সরকারি পদ বা পারিশ্রমিক ছাড়াই বছরের পর বছর ধরে তিনি এই কাজ করে চলেছেন। তাঁর নাম প্রশান্ত চন্দ। বাড়ি দাঁতন ব্লকের মোগলমারীতে।

    প্রতিদিন সকাল হলেই ঝাঁটা হাতে বেরিয়ে পড়েন প্রশান্তবাবু। তাঁর গন্তব্য কখনও স্থানীয় বাজার, কখনও হাসপাতাল চত্বর, আবার কখনও বা শ্মশানঘাট। যেখানেই ময়লা বা আবর্জনা দেখেন, নিজের হাতে তা পরিষ্কার করে দেন। সমাজের আর পাঁচজন মানুষ যে কাজ করতে ইতস্তত বোধ করেন, প্রশান্তবাবু তা হাসিমুখেই করে যান। তিনি কোনও সরকারি সাফাইকর্মী নন, এই কাজের জন্য কেউ তাঁকে এক পয়সাও দেয় না। সম্পূর্ণ নিজের উদ্যোগে ও খরচে তিনি এই সাফাই অভিযান চালান। পাশাপাশি, সাধারণ মানুষকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বার্তাও দেন তিনি।

    তবে এই নিঃস্বার্থ কাজ করতে গিয়ে তাঁকে অনেক সময়ই কটূক্তির শিকার হতে হয়েছে। অনেকেই তাঁকে নিয়ে ঠাট্টা-তামাশা করেছেন। কিন্তু সেসবে কান দিতে নারাজ প্রশান্তবাবু। নিন্দুকদের কথায় তোয়াক্কা না করে নিজের লক্ষ্যের প্রতি অবিচল তিনি। নিজের খরচে ও শ্রমে পরিবেশকে সুন্দর রাখতে পেরে তিনি নিজেই ভীষণ খুশি। প্রতিদিনের এই কাজই এখন তাঁর জীবনের রুটিন হয়ে দাঁড়িয়েছে।

    যেখানে বিশ্বজুড়ে পরিবেশ রক্ষার জন্য কোটি কোটি টাকা খরচ করে বড় বড় সেমিনার বা প্রচার চলছে, সেখানে প্রচারের আলো থেকে দূরে থাকা প্রশান্তবাবুর এই উদ্যোগ সত্যিই অভাবনীয়। পরিবেশ রক্ষায় তাঁর এই একনিষ্ঠ ভাবনা ও নীরব লড়াই আজকের দিনে গোটা সমাজের কাছে এক অন্যতম দিশা। এই নিঃস্বার্থ পরিবেশপ্রেমীকে তাই কুর্নিশ জানাচ্ছে আপামর সমাজ।
  • Link to this news (News18 বাংলা)