• একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা, 14 দিনের পুলিশি হেফাজত স্বরূপ বিশ্বাসের
    eTV Bharat | ০৫ জুন ২০২৬
  • কলকাতা, 5 জুন: টলিপাড়ার প্রভাবশালী মুখ হিসেবে দীর্ঘদিন পরিচিত স্বরূপ বিশ্বাসকে অবশেষে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক ৷ স্টুডিয়োপাড়ায় তোলাবাজি, হুমকি, প্রভাব খাটানো এবং এক মহিলা মেকআপ শিল্পীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার হওয়া স্বরূপ বিশ্বাসকে শুক্রবার আলিপুর আদালতে হাজির করিয়েছিল পুলিশ । তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা-সহ একাধিক গুরুতর ও জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে ।

    পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার 308 ধারার 4 ও 5 উপধারা, 109 ধারা এবং অস্ত্র আইনের 25 ও 27 ধারায় মামলা রুজু করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই স্বরূপকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয় । তিনি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ।

    তদন্তকারীদের দাবি, রিজেন্ট পার্ক থানার এলাকার এক মহিলা মেকআপ শিল্পীর লিখিত অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়েছে । অভিযোগে অশালীন আচরণ, ভয় দেখানো এবং প্রভাব খাটানোর বিষয়ও উল্লেখ রয়েছে । সেই অভিযোগের তদন্তে নেমেই স্বরূপের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ হাতে আসে বলে দাবি পুলিশের ।

    এ ব্যাপারে সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তি এবং প্রাক্তন মন্ত্রীর ভাই ৷ তাই গুরুতর অপরাধের তদন্তে তাঁকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল ৷ সমস্ত দিক বিবেচনা করে বিচারক আমাদের আবেদন মঞ্জুর করেছেন ৷

    সরকারি আইনজীবী এও জানান, অভিযোগকারিণী মহিলার সঙ্গে কথা বলে জানা গেছে কাজ পাইয়ে দেওয়ার নাম করে ওই মহিলা-সহ 50 জনের কাছ থেকে স্বরূপ বিশ্বাস 45 হাজার টাকা করে নিয়েছিলেন ৷

    শুক্রবার নির্ধারিত সময়ের অনেক আগেই তাঁকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় । লালবাজার সূত্রের দাবি, আগের রাতে থানার বাইরে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি এড়াতেই এই সতর্কতা নেওয়া হয় । আদালতে তোলার আগে তাঁকে কোর্ট লকআপে রাখা হয়েছিল ।

    এদিকে আদালত চত্বরে উপস্থিত কয়েকজন আইনজীবী ও অভিযোগকারীদের প্রতিনিধিরা নজর রাখেন অভিযুক্তের প্রতি কোনও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কি না । তাঁদের বক্তব্য, আদালতের নিয়ম অনুযায়ী অন্য অভিযুক্তদের মতোই স্বরূপ বিশ্বাসকেও রাখা হয়েছে । আইনজীবীদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নানা ধরনের অনিয়ম ও অত্যাচারের অভিযোগ থাকলেও অনেকে ভয়ে মুখ খুলতে পারেননি । বর্তমান পরিস্থিতিতে সেই নীরবতা ভাঙছে বলেই একের পর এক অভিযোগ সামনে আসছে বলে তাঁদের মত ।
  • Link to this news (eTV Bharat)