রবীন্দ্রভারতীর উপাচার্য পদ থেকে ইস্তফা সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের
eTV Bharat | ০৫ জুন ২০২৬
কলকাতা, 5 জুন: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দিলেন অধ্যাপক সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তিনি ৷ এর আগে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলেছেন ৷ তারও আগে তিনি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দায়িত্বে ছিলেন ৷
তবে, বর্তমানে তিনি ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ৷ গতবছর 1 অগস্ট থেকে তিনি এই দায়িত্ব সামলাচ্ছিলেন ৷ তবে, রাজ্যে সরকার বদলের পর হঠাৎই রবীন্দ্রভারতীর উপাচার্য পদ থেকে ইস্তফা দিলেন তিনি ৷ ইতিমধ্যে তাঁর ইস্তফাপত্র লোকভবনে আচার্য তথা রাজ্যপাল আরএন রবির কাছে পাঠিয়ে দিয়েছেন সোনালি ৷ যদিও এই বিষয়ে এখনই কিছু বলতে নারাজ সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷
উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকাকালীন তাঁর একাধিক সিদ্ধান্তকে ঘিরে বহু বিতর্ক তৈরি হয়েছিল ৷ যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠন তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্বহাল সংক্রান্ত মামলায় রাজ্য সরকার বড় ধাক্কা খায় সুপ্রিম কোর্টে ৷
সেই সময় শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়ে দিয়েছিল, উপাচার্য পদ থেকে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের অপসারণের সিদ্ধান্তই কার্যকর থাকবে ৷ এর আগে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুনর্নিয়োগের এক্তিয়ার রাজ্য সরকারের নেই ৷ সেই সঙ্গে রাজ্যের জারি করা পুনর্বহালের বিজ্ঞপ্তিও খারিজ করে দেওয়া হয় ৷ সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার ৷
সেই মামলার নেপথ্যে ছিল রাজ্য সরকার ও তৎকালীন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনখড়-এর মধ্যে উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন ৷ অভিযোগ ছিল, আচার্যের অনুমোদন ছাড়াই রাজ্যের অধীনে থাকা একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে ৷ সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগকে বেআইনি দাবি করে জনস্বার্থ মামলা দায়ের হয় ৷ যেখানে রাজ্যপালের সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের অপসারণের সিদ্ধান্তকে বহাল রেখেছিল হাইকোর্ট ৷
কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সরকার । তবে, শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশই বহাল রাখে শীর্ষ আদালত ৷ তারপর তাঁকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব দেওয়া হয় তৎকালীন তৃণমূল সরকারের তরফে ৷ কিন্তু, পরবর্তী সময়ে আচার্য সিভি আনন্দ বোসের সময় আবারও রাজ্য ও রাজ্যপাল সংঘাত দেখা যায় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ৷ তখনই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত করা হয় সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে ৷