• ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, বাড়িতে আগুন, মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের
    এই সময় | ০৫ জুন ২০২৬
  • মণিপুরে শান্তি ফেরানোর চেষ্টা চললেও ফের রক্ত ঝরল কাংপোকপি জেলায়। শুক্রবার ভোরে কাংপোকপির নিউ কেইথেলমানবি এলাকার লইবোল গ্রামে সশস্ত্র হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। হামলায় একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়,

    স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভোর প্রায় ৪টা ১০ মিনিটে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুষ্কৃতী গ্রামে ঢুকে নির্বিচারে গুলি ছো়ড়ে। আচমকা হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রাণ বাঁচাতে বহু গ্রামবাসী ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যান। হামলার পাশাপাশি দুষ্কৃতীরা বেশ কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেয় বলে অভিযোগ।

    এই অতর্কিত এবং নৃশংস হামলায় ঘটনাস্থলেই তিন জন গ্রামবাসী নিহত হন। নিহতদের পরিচয় প্রকাশ করেছে প্রশাসন। তাঁদের মনাম লেটখোংগাম হাওকিপ, টিনমারি হাওকিপ এবং জাংমিনলাল হাওকিপ। ঘটনায় স্থানীয় কুকি সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

    হামলার খবর পাওয়ার পরেই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সেনা, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সদস্যরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন। কারা এই হামলার পিছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন হামলার দায় নেয়নি। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর সদস্যরাই এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

    ঘটনার পরে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় এবং প্রতিশোধমূলক হামলার আশঙ্কা এড়ানো যায়, সে জন্য প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    উল্লেখ্য, ২০২৩ সাল থেকে মণিপুরে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাতের জেরে বারবার হিংসার ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষ বাড়িছাড়া হয়েছেন এবং শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক এই হামলা আবারও প্রমাণ করল যে রাজ্যের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তা পরিস্থিতি এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে।

  • Link to this news (এই সময়)