গানের পরতে পরতে লুকিয়ে বিষাদ-হারিয়ে ফেলার কষ্ট! 'ভালবেসে যদি'তে স্পষ্ট হল প্রসেনজিৎ-শুভশ্রী-যিশুর সম্পর্ক?
আজকাল | ০৫ জুন ২০২৬
সম্পর্ক আসলে জটিল না সরল, কার সঙ্গে কী সম্পর্ক, জিনিসগুলো বোঝা যেন বড্ড বেশিই শক্ত। হয়তো বা এতটাই সহজ, যা সহজে ধরা বা বোঝা যায় না। আর সেটাই যেন 'অভিমান' -এর 'ভালবেসে যদি' গানটায় ফুটে উঠল।
আগামী ১৯ জুন মুক্তি পেতে চলেছে 'অভিমান'। তার আগে এদিন মুক্তি পেল ছবির নতুন গান 'ভালবেসে যদি'। গানের দৃশ্যায়নে কখনও ফুটে উঠেছে তারকা, রকস্টার প্রসেনজিতের খ্যাতির শীর্ষে থাকার সময়, কখনও তাঁর বৃদ্ধ বয়সের একাকীত্বের ছবি। ধরা পড়েছে তার সঙ্গে যিশুর সম্পর্কের ঝলক। কিন্তু আবার সবটা গুলিয়ে দিয়েছে যিশু সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্কের রসায়ন। সবটা মিলিয়েই সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ কষ্ট, হতাশা, একাকীত্ব যেন একসঙ্গে গানটার মধ্যে ধরা দিয়েছে।
'ভালবেসে যদি' গানটি লিখেছেন শ্রীজাত। গেয়েছেন আরমান খান। গানটি মুক্তি পেতে একদিকে যেমন দর্শকদের থেকে প্রশংসা পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়, তেমনই অন্যদিকে গানের সুর ও কথা সমান ভাবে প্রশংসিত হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে ঘোষণা করা হয়েছিল 'অভিমান' ছবিটির। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াসের প্রযোজনায় আসছে ছবিটি। প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই ফের ফিরছে ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিচালক-অভিনেত্রী জুটি। 'গৃহপ্রবেশ' ছবির তুমুল সাফল্যের পর আরও একবার হাত মেলালেন তাঁরা। মুখ্য চরিত্রে প্রসেনজিৎ-শুভশ্রী-যিশু। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিক, অনন্যা ব্যানার্জি,অরিজিতা মুখার্জি, প্রমুখকে। জানা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি। আগামী ১৯ মে বড়পর্দায় আসছে 'অভিমান'।
সম্প্রতি আজকাল ডট ইনকে দেওয়া ইন্টারভিউতে 'অভিমান' ছবি সহ অন্যান্য ছবির লুকসের বিষয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "যে সময়ে আমি একটি ছবি করি তার তিন চার মাস আগে থেকে আমি অন্য কোনও কাজ করি না। এর ক্ষেত্রেও তাই। নইলে আমি এতটা বড় চুল, দাড়ি রাখতে পারতাম না। সত্যি বলতে এই ছবিতে আমার দাড়িটা রাখা দরকার ছিল, একটু বয়স বলে। দুটো সময় আছে এই ছবিটায়। অভিমানের জন্য আমি একটি ভাল ছবি করিনি। করতে পারলাম না, কারণ সেখানে দাড়িটা কাটা খুব দরকার ছিল।"