আজকাল ওয়েবডেস্ক: হুগলির শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের শিমলা কালীতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ সরকারি সামগ্রী।
এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অফিস চত্বরে সাদা থান, সরকারি বালতি, মশারি-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী মজুত অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অঞ্চল অফিসটি প্রাক্তন তৃণমূল প্রধান ও প্রাক্তন অঞ্চল সভাপতি মোহন মণ্ডলের সঙ্গে যুক্ত। বিজেপি কর্মীদের দাবি, অফিসের দোতলায় খাট-বিছানার পাশাপাশি বিপুল পরিমাণ সরকারি সামগ্রীও রাখা ছিল।
বৃহস্পতিবার ‘এক গাছ মায়ের নামে’ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিজেপি কর্মীরা ওই পার্টি অফিসে সরকারি সামগ্রী মজুত থাকার বিষয়টি দেখতে পান বলে দাবি করেন। এরপরই বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি।
বিজেপি কর্মীদের অভিযোগ, নির্বাচনে পরাজিত বিরোধী সমর্থকদের বাড়িতে অতীতে সাদা থান পাঠানো হত। পাশাপাশি সরকারি পঞ্চায়েতের সামগ্রী দলীয় কার্যালয়ে মজুত রেখে স্বজনপোষণের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তারা।
তাঁদের আরও দাবি, আগে ভয়ের পরিবেশে কেউ মুখ খুলতে সাহস পেতেন না। এখন প্রশাসনিক পরিবর্তনের পর মানুষ অভিযোগ জানাতে এগিয়ে আসছেন। অভিযোগের ভিত্তিতে কেন সরকারি সামগ্রী দলীয় কার্যালয়ে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মোহন মণ্ডল। তাঁর দাবি, আবাস-সংক্রান্ত কাজের জন্য বালতিগুলি আনা হয়েছিল। পরে নির্বাচন চলে আসায় সেগুলি আর বিতরণ করা সম্ভব হয়নি। ফলে সাময়িকভাবে পার্টি অফিসে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘এটা আমাদের ভুল হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেই বালতিগুলি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছিল।’