• কামালগাজি থেকে এনআইএ-র জালে শওকত মোল্লা
    আজকাল | ০৬ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:  বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই রাজনৈতিকভাবে বেশ চাপে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই ধাক্কা সামলে ওঠার আগেই দলের একের পর এক নেতার নাম জড়াচ্ছে নানা বিতর্কে। ঠিক এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই এবার খবরের শিরোনামে চলে এলেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা দাপুটে নেতা শওকত মোল্লা। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় ঘটে যাওয়া একটি বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে অবশেষে আজ জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র হাতে আটক হলেন তিনি। জানা যাচ্ছে, সোনারপুরের কামালগাজি এলাকা থেকে তাঁকে আটক করেছেন তদন্তকারীরা।

    ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ভোরে। দক্ষিণ ২৪ পরগনার মৌখালি এবং জীবনতলা এলাকায় শওকত মোল্লার বাড়িতে হানা দেয় এনআইএ-র একটি বিশেষ দল। তবে তদন্তকারীরা বাড়িতে পৌঁছে দেখেন মূল ফটকে তালা ঝুলছে এবং শওকত মোল্লা বেপাত্তা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বিধায়ককে না পেয়ে তদন্তের স্বার্থে তাঁর ছেলে ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা। পরে ইমরানকে সঙ্গে নিয়ে তাঁর একটি রেস্তোরাঁ সহ মৌখালি ও আশেপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। গতকাল দিনভর প্রাক্তন বিধায়কের বাড়ি সহ মোট ৮টি জায়গায় চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করা হয়। কিন্তু দিনভর কোথাও শওকতের খোঁজ না মেলায় রাতে তাঁকে 'ফেরার' বলে ঘোষণা করেছিল এনআইএ। অবশেষে আজ গোপন সূত্রে খবর পেয়ে কামালগাজি থেকে তাঁকে পাকড়াও করা সম্ভব হয়।

    উল্লেখ্য, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় বোমা বিস্ফোরণের ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। মামলার গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে এর তদন্তভার হাতে নেয় এনআইএ। তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন প্রভাবশালী নাম সামনে আসছে। প্রসঙ্গত, ভোটের ঠিক আগের দিনই এই মামলায় তৃণমূলের আরেক প্রভাবশালী নেতা ওহিদুল মোল্লাকে গ্রেপ্তার করেছিল এনআইএ, যা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে যায়। তখন থেকেই শওকত মোল্লাকে নিয়েও জল্পনা দানা বাঁধছিল। অবশেষে আজ শওকত মোল্লা আটক হওয়ার পর ভাঙড় বিস্ফোরণ মামলার তদন্ত কোন দিকে মোড় নেয় এবং এনআইএ-র পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।
  • Link to this news (আজকাল)