• সুরুচিতে মিলল আলিশান কামরা-মধুচক্রের আসর!
    আজকাল | ০৬ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সুরুচি সংঘের প্রধান তথা প্রভাবশালী টলিউড ব্যক্তিত্ব স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পরদিনই রণক্ষেত্রের চেহারা নিল নিউ আলিপুর এলাকা। আজ ক্ষুব্ধ স্থানীয় জনতা এলাকার একটি ক্লাবের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, স্বরূপ বিশ্বাস সাধারণ মানুষকে এই ক্লাবে ঢুকতে দিতেন না, যা নিয়ে ক্ষোভ জমছিল দীর্ঘদিন ধরেই। আজ সেই পুঞ্জীভূত ক্ষোভেরই বিস্ফোরণ ঘটে।

    আজ সকালে উত্তেজিত জনতা ক্লাবের দরজা ভেঙে ভেতরে ঢুকতেই চোখ চড়কগাছ হয়ে যায় সকলের। ক্লাবের ভেতরে মিলল প্রচুর দামি দামি শাড়ি, মোবাইল কভার এবং বেশ কিছু বিলাসবহুল সামগ্রী। তবে আসল চমক ছিল ক্লাবের দোতলায়। সেখানে তৈরি করা হয়েছিল এক আলিশান ও বিলাসবহুল ঘর, যা আধুনিক ও বহুমূল্য আসবাবপত্রে সাজানো। শুধু তাই নয়, বাথরুমটিও অত্যাধুনিক সব সরঞ্জামে সজ্জিত।

    ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজেপি বিধায়ক সৌরভ সিকদার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, এই ক্লাবে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর চলত। স্থানীয় বাসিন্দারাও একই সুর মিলিয়ে অভিযোগ তোলেন যে, স্বরূপ বিশ্বাস নিজে ফূর্তি করার জন্য এবং মধুচক্র চালানোর উদ্দেশ্যে এই বিলাসবহুল ডেরা ব্যবহার করতেন।

    এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। তবে উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। উত্তেজিত বাসিন্দাদের নিয়ন্ত্রণে আনতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর ৩-৪ জন জওয়ান আক্রান্ত হন বলে গুরুতর অভিযোগ উঠেছে। ক্ষিপ্ত জনতার তাণ্ডবে পরিস্থিতি বেশ কিছুক্ষণের জন্য অগ্নিগর্ভ হয়ে ওঠে।

    অবশেষে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ প্রচেষ্টায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে একজনকে প্রথমে আটক করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে স্বরূপ বিশ্বাসের এই গোপন ডেরার হদিশ মেলায় এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।
  • Link to this news (আজকাল)