মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গেলেন দিল্লিতে, মন্ত্রীত্ব বণ্টনের আগে গুরুত্বপূর্ণ বৈঠক
দৈনিক স্টেটসম্যান | ০৬ জুন ২০২৬
মন্ত্রীত্ব বণ্টন এখনও হয়নি। আর তার আগেই রাজধানী রওনা হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নয়াদিল্লি সফর নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে কারা মন্ত্রী হবেন সেটা নিয়ে আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর আগেই নয়াদিল্লি পৌঁছে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মন্ত্রীদের দফতর বণ্টন নিয়ে তিনিও মতামত দেবেন বলে মনে করা হচ্ছে।
এদিকে বেশ কিছু প্রকল্প নিয়েও কথা হতে পারে। পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে গেলে অর্থের প্রয়োজন। তা নিয়েও কথা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে। গত ১ জুন লোক ভবনে বিজেপির ৩৫ বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেন। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী এবং তিনজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানানো হয়। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন ১৯ জন। তার আগে গত ৯ মে ব্রিগেডে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেন পাঁচজন পূর্ণমন্ত্রী। এবার সময় এসে গিয়েছে শপথ নেওয়া বিধায়কদের দফতর বণ্টনের।
অন্যদিকে গত বুধবার শপথ নেওয়া বিধায়কদের সকলের দফতর বণ্টন করার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার তৃতীয় বৈঠকের পর অন্নপূর্ণা যোজনার সূচনা, পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য নতুন দিন, মা ক্যান্টিনের নামবদল, বিএসএফ-কে জমি হস্তান্তর-সহ নানা ঘোষণা হয়। তার পর মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়ে দেন, মন্ত্রীত্ব বণ্টন নিয়ে সিদ্ধান্ত হয়নি। তাহলে কবে হবে? এই প্রশ্ন উঠতে শুরু করে। আজ, শুক্রবার মুখ্যমন্ত্রী নয়াদিল্লি রওনা হলেন। এবার সামনে আসতে পারে মন্ত্রীদের নাম। দিল্লিতে বৈঠকের পর। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং সুনীল বনসলের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এছাড়া পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী হয়েছেন শঙ্কর ঘোষ, তাপস রায়, শারদ্বত মুখোপাধ্যায়, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, গৌরীশঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাওঁ, দীপক বর্মণ, অরূপকুমার দাস, অজয় কুমার পোদ্দার, কল্যাণ চক্রবর্তী এবং দুধকুমার মণ্ডল। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী-ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন-জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মণ, অশোক দিন্দা, নাদিয়ার চাঁদ বাউড়ি, বিশাল লামা এবং শান্তনু প্রামাণিক। আর মন্ত্রিসভায় আছেন মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রাই, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয়া কিস্কু, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার।