• কলকাতায় নতুন এক মেট্রো পথ! কবে থেকে ছুটবে নতুন রুটের সেই মেট্রো?
    এই সময় | ০৬ জুন ২০২৬
  • মেট্রো যাত্রীদের জন্য এ বার সুখবর নিয়ে আসতে চলেছে রেল। কলকাতা পেতে চলেছে এ বার নতুন এক মেট্রো লাইন। হাওড়া ও শিয়ালদহ স্টেশনের মতো এ বার রাজ্যের অন্যতম ব্যস্ত স্টেশন- কলকাতা স্টেশনও জুড়তে চলেছে মেট্রোর সঙ্গে। সম্প্রতি রেল মন্ত্রকের তরফে বিষয়টিকে সামনে আনা হয়েছে।

    রেল সূত্রে খবর, গ্রিন লাইনের করুণাময়ী মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত হবে কলকাতা স্টেশন। রেলের তরফে ৮ লক্ষ টাকা খরচ করে সমীক্ষার কাজ শুরু করার কথা জানানো হয়েছে। রেল সূত্রে খবর, ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল পার্শ্ববর্তী রাস্তা ও সল্টলেকের ৬ নম্বর আইল্যান্ড ঘুরে যেতে পারে এই নতুন মেট্রোর যাত্রাপথ। প্রায় ৮.৮ কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করবে এই নতুন মেট্রো রুট। ইস্ট-ওয়েস্ট করিডরের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এই করুণাময়ী। একদিকে, সেক্টর ফাইভ থেকে অফিস ফেরত অনেকে এই মেট্রো স্টেশনে পৌঁছন। অন্য দিকে, করুণাময়ী বাস স্ট্যান্ডে বাইরের বিভিন্ন জেলা থেকে বাস এসেও পৌঁছয়। ফলে, তাঁদের অনেকেই কলকাতা স্টেশন পৌঁছতে চান। ফলে, রেলের তরফেও করুণাময়ী স্টেশনকেই বেছে নেওয়া হয়েছে। যদিও, সমীক্ষার কাজ শুরু হলেও, কবে এই নতুন মেট্রো রুট পাবে বাংলার মানুষ, তা নিয়ে কিছু জানায়নি রেল।

    রেলের তরফে মনে করা হচ্ছে, এ বার তেমন কোনও জট দেখা দেবে না, কারণ জমি অধিগ্রহণ করে মেট্রোর কাজ করতে হবে না সেই অর্থে। যদিও, মাটির উপর দিয়ে এই নতুন পথ হবে নাকি মাটির নীচ দিয়ে, সেই বিষয়ে কিছু স্পষ্ট করে জানানো হয়নি রেলের তরফে। তবে, যেহেতু এই পথের অধিকাংশ ভাগই খাল পার্শ্ববর্তী জায়গা দিয়ে হবে, ফলত সমস্যার সম্মুখীন হতে হবে না রেল কর্তৃপক্ষকে। অন্য দিকে, বিষয়টি নিয়ে দফায় দফায় কারিগরি দপ্তর ও কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা করা হবে, সেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে রেলের তরফে। মেট্রো রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, প্রথমে সমীক্ষার কাজ শুরু হবে। ধাপে ধাপে তারপর কাজ এগোবে।

  • Link to this news (এই সময়)