মাতলা নদীর চরে তৈরি হয়েছিল ক্যাফে। তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার সেই বিলাসবহুল ক্যাফে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মৌখালিতে মাতলা নদীর চরে বেআইনি ভাবে ওই ক্যাফে তৈরি করা হয়েছে অভিযোগ ছিল। সেই ক্যাফেতে এ বার আইনি নোটিস দিলেন ক্যানিংয়ের মহকুমাশাসক প্রণব মালিয়ে। শুক্রবার দুপুরে জীবনতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ক্যাফের গায়ে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮ জুন ক্যানিং এসডিও অফিসে এই বিষয়ে একটি শুনানি ডাকা হয়েছে। সেখানে শওকত মোল্লার ছেলেকে হাজির হয়ে জমির সমস্ত বৈধ কাগজপত্র ও উপযুক্ত দলিল দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুনানির দিন সঠিক নথি বা বৈধ কাগজের প্রমাণ না মিললে, ওই ক্যাফেটি ভেঙে ফেলা হবে।
যদিও শওকত দাবি করেছিলেন এই ক্যাফে তৈরির জন্য তিনি জায়গা কিনেছিলেন। ক্যানিং ১ ও ক্যানিং ২ ব্লকের সংযোগকারী মৌখালি সেতু সংলগ্ন এলাকায় ম্যানগ্রোভ কেটে এই ক্যাফে তৈরি করা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার এই ক্যাফেতেও তল্লাশি চালিয়েছিল এনআইএ টিম। ভাঙড়ের একটি বোমা বিস্ফোরণের মামলায় শওকতকে খুঁজছিল এনআইএ। অবশেষে পালাতে গিয়ে শুক্রবার এনআইএ-র হাতে ধরা পড়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।