• অত্যাধিক গরমের জেরে ক্লাসরুমেই অসুস্থ পাঁচ পড়ুয়া, চাঞ্চল্য ধূপগুড়ির স্কুলে
    News18 বাংলা | ০৬ জুন ২০২৬
  •  একেই অত্যধিক গরম উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে। এই প্রচণ্ড গরম যেন এবার শুধুই অস্বস্তির কারণ নয়, হয়ে উঠছে বিপদেরও নাম। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সম্প্রতি সকাল ৭:১০ থেকে দুপুর ১২টা অব্দি চলছে স্কুলে পঠনপাঠন। সেই অনুযায়ী ধূপগুড়ির গধেয়ার কুঠি উচ্চ বিদ্যালয়েও চলছিল ক্লাস। কিন্তু তারই মাঝে ঘটে গেল এমনই এক উদ্বেগজনক ঘটনা, যেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে একই স্কুলের পাঁচ পড়ুয়া। মুহূর্তে ছড়িয়ে পড়ে উদ্বেগ, চিন্তায় ছুটে আসেন শিক্ষকরা।

    জানা গেছে, শুক্রবার মিড-ডে মিল খাওয়ার পর হয়েছে একটি ক্লাস। তারপরেই আচমকাই একে একে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন পড়ুয়া। কারও মাথা ঘোরা, কারও বমি ভাব। পরিস্থিতি দেখে আর দেরি না করে স্কুলের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে খবর দেওয়া হয়। স্বাস্থ্যকর্মীরা এসে প্রাথমিক চিকিৎসা করেন, কিন্তু অবস্থার কথা বিবেচনা করে তাদের দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

    তারপরই শিক্ষক-শিক্ষিকারা যেন হয়ে ওঠেন অভিভাবক। টোটো করে নিজেরাই অসুস্থ পড়ুয়াদের হাসপাতালে পৌঁছে দেন। বর্তমানে পাঁচজনই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক হিরন্ময় রায় জানান, ভাল চিকিৎসা হওয়ার জন্য ধুপগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়েছে ৫ পড়ুয়াকে। এখন তাদের অবস্থা স্থিতিশীল। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ একসঙ্গে এতজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ল কেন? শুধুই কি গরমের প্রভাব, নাকি অন্য কারণ! উল্লেখযোগ্য বিষয়, এর আগেও এই স্কুলে এমন ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ফলে পরিকাঠামো, পরিবেশ কিংবা খাবারের গুণগত মান সবকিছু নিয়েই উঠছে প্রশ্ন। তবুও এখনই নিশ্চিত করে কোন কিছুই বলা যাচ্ছে না। প্রচণ্ড গরমের এই সময়টায় শিশুদের সুরক্ষা নিয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন এমনটাই জানাচ্ছে অভিভাবক মহলের একাংশ।
  • Link to this news (News18 বাংলা)