এক মাসেই মিটবে সমস্যা! মানিকচকের ১০ গ্রামের পানীয় জলের হাহাকার শেষ করতে বড় আশ্বাস নয়া বিধায়কের
News18 বাংলা | ০৬ জুন ২০২৬
: তীব্র দাবদাহের মধ্যে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন মালদহের মানিকচক ব্লকের চৌকিমির্দাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় ১০টি গ্রামের বাসিন্দা। ধরমপুর, খানপুর, শ্যামপুর, গৌরীপুর, রাজনগর-সহ একাধিক গ্রামে জল জীবন মিশনের আওতায় বাড়ি বাড়ি পাইপলাইনের সংযোগ ও কল বসানো হলেও নিয়মিত জল সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, কখনও ২০ দিন পর, আবার কখনও মাসে একবারও জল আসে না। ফলে পানীয় জল, রান্না এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে বহু মানুষকে কয়েক কিলোমিটার দূরে রাস্তার ধারে থাকা পাইপলাইন থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। প্রচণ্ড গরমে এই পরিস্থিতিতে দুর্ভোগ চরমে উঠেছে।
গ্রামবাসী বুল্টি ঘোষ জানান, “বাড়িতে জল সংযোগ থাকলেও কল থেকে জল আসে না। বাধ্য হয়ে প্রতিদিন দূর থেকে জল আনতে হয়। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনও সমস্যার সমাধান হয়নি।” স্থানীয়দের আরও দাবি, এখনও অনেক বাড়িতে জল সংযোগ পৌঁছয়নি। দীর্ঘদিন ধরে সমস্যার কথা প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
অন্যদিকে, বিষয়টি স্বীকার করে স্থানীয় বিধায়ক গৌড় চন্দ্র মণ্ডল জানান, “পানীয় জলের সমস্যা নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট গ্রামগুলিতে নিয়মিত জল সরবরাহ নিশ্চিত করা হবে।” তবে গরমের মধ্যে জলকষ্টে নাজেহাল গ্রামবাসীদের প্রশ্ন, আশ্বাস নয়, কবে তাঁদের ঘরের কল থেকে নিয়মিত জল পড়বে, এখন সেই উত্তরই খুঁজছেন তাঁরা। যদিও বিধায়কের আশ্বাসে আশায় বুক বেঁধেছেন গ্রামবাসীরা।