রাস্তায় নামলেই পেছনে পড়ছে ষাঁড়। ষাঁড়ের তাণ্ডবে আতঙ্ক গ্রাম জুড়ে। হামলায় গুরুতর আহত অন্তত ১৩ জন গ্রামবাসী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের মানিকচক থানার রামনগর গ্রামে। ক্ষিপ্ত ষাঁড়ের হামলায় আহত হয়েছেন অন্তত ১৩ জন গ্রামবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের হাত ও পায়ে গুরুতর চোট লেগেছে। তাঁদের মধ্যে পাঁচু মণ্ডল নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মানিকচক গ্রামীণ হাসপাতাল থেকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে একটি ষাঁড় গ্রামে ঘুরে বেড়িয়ে আচমকাই সাধারণ মানুষের উপর আক্রমণ চালাতে শুরু করে। রাস্তায় চলাচলকারী এবং বাড়ির বাইরে থাকা মানুষদের লক্ষ্য করে বারবার গুতো মারতে থাকে। এর ফলে একের পর এক গ্রামবাসী আহত হন। আহতদের অধিকাংশকেই মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।
গ্রামবাসী রাজকুমার মণ্ডল জানান, “ষাঁড়টির আচরণ হঠাৎই অস্বাভাবিক হয়ে ওঠে। অনুমান করা হচ্ছে কোনও কুকুরের কামড়ের পর থেকেই ষাঁড়টি ক্ষিপ্ত হয়ে পড়ে সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত ১৩ জন আহত হয়েছেন। গুরুতর জখম অবস্থায় একজনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
যদিও এই বিষয়ে এখনও কোনও সরকারি বা পশু চিকিৎসকের নিশ্চিত মত পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই রামনগর গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার হতে সাহস পাচ্ছেন না। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবারগুলি। পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসীরা মানিকচক থানা ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ষাঁড়টিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। চিকিৎসার পর ষাঁড় কে নিরাপদ অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগও গ্রহণ করা হচ্ছে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপের আশায় রয়েছেন রামনগরের বাসিন্দারা।