ঝড়ে গাছ পড়ে ছিঁড়ে গেল তার, তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ জনের
News18 বাংলা | ০৬ জুন ২০২৬
চাপড়ার শোনপুকুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা সহ দুজনের। বিদ্যুৎ দফতরের গাফিলততেই মৃত্যু বলে দাবি এলাকাবাসীর। মৃতেরা হলো চম্পা দাস (৫৫) ও ভোলা ঘোষ (৪০)। তাদের বাড়ি শোনপুকুর দাসপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে ঝড়ে ওই এলাকার একটি গাছ ভেঙে পড়ায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। স্থানীয়দের দাবি এরপর থেকেই বার বার বিদ্যুৎ দফতরে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ও দ্রুত মেরামতি করার আবেদন জানানো হয়। অভিযোগ, সে কথায় কর্ণপাত করেনি বিদ্যুৎ দফতরের কর্মীরা।
শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা চম্পা দাস ঝড়ে পড়ে থাকা কাঠ ও ডালপালা কুড়োতে গেলে অসাবধানতাবশত ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে হাত দিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সেই সময় কাছেই কাজ করছিলেন ভোলা ঘোষ। চম্পা দাসকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর অভিযোগ, সময়মতো বিদ্যুৎ দফতর ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, নদিয়া জেলাজুড়ে চলতি ঝড়-বৃষ্টির জেরে একাধিক এলাকায় গাছের ডালপালা ভেঙে পড়ার ঘটনা ঘটছে। প্রবল হাওয়ার দাপটে রাস্তার ধারে ও বসতবাড়ির আশপাশের গাছের বড় বড় ডাল ভেঙে পড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, অনেক ক্ষেত্রেই এই ডালপালা বিদ্যুতের তারের উপর পড়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঝড়ের সময় বা তার পরেও বিদ্যুতের তারের উপর ভেঙে পড়া ডাল দ্রুত সরানো না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যখন তখন।