• সপ্তাহে ৬ দিনই হেরিটেজ ওয়াক বিশ্বভারতীতে, জারি করা হলো বিজ্ঞপ্তি
    এই সময় | ০৬ জুন ২০২৬
  • পর্যটকদের জন্য সুখবর। বাড়ানো হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘হেরিটেজ ওয়াক’-এর সময়সীমা। এত দিন সপ্তাহে মাত্র তিন দিন ‘হেরিটেজ ওয়াক’ করা যেত বিশ্বভারতী ক্যাম্পাসে। তবে এ বার থেকে সপ্তাহে ৬ দিন বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। শুক্রবারই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সোমবার থেকেই নতুন সূচী মেনে এই ‘হেরিটেজ ওয়াক’ করানো হবে বলে জানানো হয়েছে।

    এত দিন শুক্রবার, শনিবার এবং রবিবার এই ‘হেরিটেজ ওয়াক’ করা যাচ্ছিল। শুক্রবার এবং শনিবার বিকেল ৩টে থেকে এই সুযোগ পাওয়া যেত। অন্য দিকে রবিবার, সকাল ১০টা, ১১টা, ২২টা এবং দুপুর আড়াইটা এবং সাড়ে ৩টের সময়ের এই ‘হেরিটেজ ওয়াক’ করার সুযোগ পেতেন পর্যটকরা। তবে, এখন থেকে বৃহস্পতিবার বাদে প্রতিদিন শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখতে পারবেন পর্যটকরা।

    উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর শান্তিনিকেতনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা দেয় ইউনেস্কো (UNESCO)। গত সালের জুলাই মাসে পর্যটকদের জন্য ‘হেরিটেজ ওয়াক’ (Visva Bharati Heritage Walk) চালু করার কথা ঘোষণা করে বিশ্বভারতী। গত বছর সেপ্টেম্বর মাসে তা চালু হয়। তিন দিন করে ‘হেরিটেজ ওয়াক’ চালু করা হলেও তাতে সন্তুষ্ট ছিলেন না পর্যটকরা। এই সময়সীমা বৃদ্ধি করার দাবি জানিয়েছিলেন তাঁরা।

    শান্তিনিকেতন গৃহ, উপাসনা মন্দির, ছাতিমতলা, আম্রকুঞ্জ, ঘণ্টাতলা, চৈতি গৃহ, কলাভবন, সঙ্গীতভবন, রামকিঙ্কর বেইজের ভাস্কর্য দেশ-বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ।

    বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ জানিয়েছেন, সমস্ত রকম পরিকল্পনা করে পর্যটকদের সুবিধার জন্য সপ্তাহে ৬ দিন হেরিটেজ ওয়াক শুরু করা হচ্ছে ৷

    কখন হবে ‘হেরিটেজ ওয়াক’?

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতি সোমবার, মঙ্গলবার, শুক্রবার ও শনিবার বেলা সাড়ে ৩টে ও বিকেল সাড়ে ৪ টের সময়ে পর্যটকরা শান্তিনিকেতন আশ্রম ঘুরে দেখতে পারবেন। প্রতি বুধবার সকাল ১১টায়, বিকেল সাড়ে ৩টে এবং বিকেল সাড়ে ৪টেয় ‘হেরিটেজ ওয়াক’ হবে। আর প্রতি রবিবার সকাল ১০টায়, ১১টায়, বিকেল সাড়ে ৩টা, বিকেল ৪টা ও সাড়ে ৪টার সময়ে পর্যটকরা ঘুরে দেখতে পারবেন এই ঐতিহ্যবাহী আশ্রম প্রাঙ্গণ।

    টিকিটের মূল্য?

    ভারতীয়দের জন্য মাথা পিছু টিকিট মূল্য ৩০০ টাকা। পড়ুয়াদের কোনও দল ঘুরতে এলে টিকিট মূল্য ৫০ টাকা করে লাগবে। ওই দলে সর্বাধিক ২৫ জন থাকতে পারবে। একক কোনও পড়ুয়া ঘুরতে চাইলে তাঁকে দিতে হবে ১৫০ টাকা। বিদেশি পর্যটকদের জন্য মাথা পিছু টিকিটের মূল্য ১০০০ টাকা ধার্য করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    রবীন্দ্র ভবন থেকেই এই ‘হেরিটেজ ওয়াক’-এর টিকিট পাওয়া যাবে। তবে আগামী দিনে অনলাইন টিকিট পরিষেবা চালু হবে বলে বিশ্বভারতী সূত্রে খবর।

    ক্যাম্পাসে ঘোরার জন্য যে নিয়ম জারি করা হয়েছিল তাই বলবৎ থাকবে বলেও জানিয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

  • Link to this news (এই সময়)