এই সময়: দেশে বর্ষা প্রবেশের পরদিন, শুক্রবার ভোর থেকেই প্রাক–বর্ষার বৃষ্টিতে ভিজল কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরপ্রদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় ওই ঘূর্ণাবর্তটি বিস্তৃত হয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের কারণে এবং ওই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী এক সপ্তাহ বাংলার উত্তর ও দক্ষিণ প্রান্ত জুড়ে বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টি, দমকা হাওয়া এবং বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। ফলে বর্ষা পাকাপাকি ভাবে বঙ্গে পা রাখার আগে এই প্রাক–বর্ষার ঝড়বৃষ্টিতেই স্বস্তি খুঁজতে হবে। গত ক’দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার সাঁড়াশি আক্রমণে কলকাতায় তাপমাত্রার ‘রিয়েল ফিল’ ঘোরাফেরা করেছে ৪৮–৫২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এ দিন ঝড়বৃষ্টির পরে দুপুরে তা নেমে এসেছে ৩৮–৪০ ডিগ্রির আশপাশে।
শুক্রবার ভোর থেকেই কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অংশ মুষলধারে বৃষ্টি পেয়েছে। বৃষ্টির সঙ্গী হয়ে এসেছিল ঝোড়ো হাওয়াও। ঝড় ও বৃষ্টির যুগলবন্দিতে গত ক’দিনের ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গের অনেকটা অংশ। এ দিন সকালে আবহাওয়া রিপোর্টে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সামনের এক সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ, শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা বৃষ্টি হতে পারে। আগামিকাল, রবিবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্য দিকে, উত্তরবঙ্গে আজ শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিছু জায়গায় ভারী বৃষ্টির (৭–১১ সেমি) সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রপাতের আশঙ্কা আছে। সোমবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭–২০ সেমি) সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা খুব বেশি।