• ভারতে ঢোকার চেষ্টা, বাধা ১০ বাংলাদেশিকে! কাঠগড়ায় বিজিবি
    এই সময় | ০৬ জুন ২০২৬
  • এই সময়, মেখলিগঞ্জ: ভারত–বাংলাদেশ সীমান্ত নিয়ে আগামী ৮ জুন থেকে তিন দিনের বৈঠকে বসতে চলেছে নয়াদিল্লি এবং ঢাকা। বাংলাদেশে তারেক রহমানের বিএনপি সরকার গঠনের পরে এই প্রথম দু'দেশের বিএসএফ এবং বিজিবি-র সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে। এই আবহে শুক্রবার কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের পানিশালা সীমান্তে তুমুল উত্তেজনা ছড়াল।

    এ দিন সকাল থেকে পানিশালা এলাকায় ১৩৪ নম্বর পিলারের সামনে জ়িরো পয়েন্টে কয়েক জন বাংলাদেশি ভিড় জমান। বিষয়টি নজরে আসে বিএসএফের। অভিযোগ, বিজিবির ৬১ নম্বর ব্যাটেলিয়ানের তরফে ১০ জন বাংলাদেশিকে ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সেই সময়ে বিএসএফের ৯৮ নম্বর ব্যাটেলিয়নের মহানদী বিওপির জওয়ানরা বাধা দিলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই ব্যক্তিরা জ়িরো পয়েন্টেই অবস্থান করছেন। গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে সীমান্তরক্ষী বাহিনী।

    বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশের লালমণিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ঝালাঙ্গী এলাকায় একটি গাড়ি থেকে ওই ১০ জনকে নামিয়ে দেওয়া হয়। তার পরে বিজিবি তাঁদের পানিশালা সীমান্ত দিয়ে ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। বিএসএফের জওয়ানরা তাঁদের বাধা দিয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ চান। অভিযোগ, ওই ১০ জনের কাছে কোনও বৈধ নথি ছিল না। তার পরে তাঁদের সেখান সরে যেতে বলে বাড়তি নজরদারির ব্যবস্থা করে বিএসএফ। এরপরে নারী, শিশু–সহ ওই ১০ জন জ়িরো পয়েন্টেই থাকতে শুরু করেন। শুক্রবার রাত পর্যন্ত তাঁরা সেখানেই রয়েছেন।

    বিষয়টি নিয়ে দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা ছিল। সূত্রের খবর, বিজিবির আপত্তিতে সেই মিটিং এ দিন হয়নি। বিএসএফ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ দিকে বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে বিজিবি দাবি করেছে, ঝালাঙ্গী দিয়ে ওই ১০ জনকে নাকি বিএসএফই বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভারতের পানিশালা সীমান্ত এলাকায় প্রাথমিক ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাঁটাতারের ভিতরে অনেকের চাষের জমি রয়েছে। এই ঘটনার জেরে এ দিন তাঁরা চাষের কাজ করতে পারেননি। স্থানীয় বাসিন্দা কমল রায় বলেন, 'আমাদের এলাকা বেশ শান্ত। এ দিনের ঘটনার পরে আমাদের উদ্বেগ বেড়ে গিয়েছে।' যদিও বিএসএফের তরফে সীমান্তবাসীকে আতঙ্কিত না–হওয়ার আবেদন জানানো হয়েছে।

  • Link to this news (এই সময়)