• বিধায়কের ছেলের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মীদের, জগদ্দলে উত্তেজনা
    এই সময় | ০৬ জুন ২০২৬
  • এই সময়, জগদ্দল: মাত্র একমাস হয়েছে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। এর মধ্যেই বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এল জগদ্দল বিধানসভা এলাকায়। জগদ্দলের নবনির্বাচিত বিধায়ক তথা প্রাক্তন আইপিএস রাজেশ কুমারের ছেলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল দলেরই একাংশ। হাতে প্ল্যাকার্ড ও দলীয় পতাকা নিয়ে বিধায়কের ছেলে ঋত্বিক কুমারকে ঘিরে বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ। প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে পানপুরে ব্যারাকপুর–১ ব্লক বিডিও অফিসের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভাটপাড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ হচ্ছে খবর পেয়ে জগদ্দল বিধানসভা এলাকার বিজেপি নেতারা দলীয় কর্মীদের নিয়ে পানপুর বিডিও অফিসে জড়ো হয়েছিলেন। তাঁদের দাবি, বিডিও অফিসের একটি ঘরে তাঁরা অপেক্ষায় ছিলেন। সেই সময়ে এমএলএ স্টিকার লাগানো একটি গাড়িতে চেপে সেখানে ঢোকেন জগদ্দলের বিধায়ক রাজেশ কুমারের ছেলে ঋত্বিক। তাঁদের অভিযোগ, বিধায়কের ছেলে দলীয় নেতাদের সঙ্গে অভব্য আচরণ করেন এবং জোর করে বের করে দেন।

    স্থানীয় বিজেপি নেতা সুকমল ঘোষের বক্তব্য, ‘আমরা পনেরো-ষোলো বছরের বেশি বিজেপি করছি। কিন্তু রাজেশ কুমার বিধায়ক হওয়ার পরই তাঁর ছেলে এলাকায় দাদাগিরি দেখাতে শুরু করেছেন। উনি ভোটের ফলের পর নব্য বিজেপি হওয়া কয়েকজনকে নিয়ে ঘুরছেন এবং পুরোনো কর্মীদের অসম্মান করছেন। এটা মেনে নেব না।’ দলের জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ করা হবে বলেও জানান বিজেপি নেতৃত্ব। অভিজিৎ ঘোষ নামে আর এক বিজেপি নেতার দাবি, অবৈধ ভাবে বিধায়কের গাড়ি নিয়ে ঘুরছেন তাঁর ছেলে। এতে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। দলের জেলা সভাপতি সহ বিভিন্ন স্তরে তারা বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন।

  • Link to this news (এই সময়)