কখনও ঝড়বৃষ্টি আবার কখনও হাঁসফাঁস করা গরম। প্রায় নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। শুক্রবারের ঝড়বৃষ্টির দাপটে সাময়িক মুক্তি পেয়েছিল দক্ষিণবঙ্গ। কিন্তু সেই স্বস্তি কতদিন থাকবে— সেটাই এখন বড় প্রশ্ন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তার পর থেকে ফের অস্বস্তিকর গরম ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে।
সকাল থেকেই কলকাতায় কখনও চড়া রোদ, আবার কখনও মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। কিন্তু সঙ্গী হবে অস্বস্তিকর আবহাওয়া। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি সেলসিয়াস কম।
আজ, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা প্রবল। সঙ্গে দাপট থাকবে দমকা ঝোড়ো হাওয়ার। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। তবে নতুন সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে ফিরতে চলেছে অস্বস্তিকর গরম, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কয়েকটি জেলার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও পৌঁছে যেতে পারে।
যখন গরমে ঘামছে দক্ষিণবঙ্গ, তখন প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। যার জেরে মনোরম আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গে।