• 'নভেম্বরে রাজ্যের সব পুরসভায় নির্বাচন', ফিরহাদকে চরম কটাক্ষ করে জানিয়ে দিলেন দিলীপ
    আজ তক | ০৬ জুন ২০২৬
  • বাংলায় পুরভোট কবে হবে, তা নিয়ে এখনও নিশ্চিত সময়সীমা ঘোষণা হয়নি। তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্যকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হল রাজ্য রাজনীতিতে।

    একাধিক নেতার গ্রেফতারি নিয়ে তিনি বলেন, 'এটা তো সবে শুরু। সময় গুনতে থাকুন, ঠক বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। এক থেকে দেড় হাজার লোককে অবিলম্বে গ্রেফতার করা উচিত, যারা অত্যন্ত অপরাধী ও লুটেরা। মানুষের মধ্যে এদের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। যাতে কোনো অঘটন না ঘটে, সেজন্যই এদের গ্রেফতার করে জেলে রাখা উচিত।'

    অন্যদিকে, ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে তিনি বলেন, 'এতদিন উনি কী করতেন? মাটিতে বসতেন নাকি ভরতের মতো খড়ম পরে পুজো করতেন? এই নাটক তো দিদির কাছ থেকেই শেখা। এখন চুপচাপ থাকাই ভালো। গত ১৫ বছর মানুষ সব দেখেছে, ইঞ্চি থেকে ফুট, সব ধরনের নেতার কথাও মানুষ মনে রেখেছে।'

    তিনি আরও অভিযোগ করেন, শাসক দলের একাংশ দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করেছে। 'মানুষকে অবজ্ঞা করা হয়েছে, এখন তারই ফল ভোগ করতে হচ্ছে,' বলেন তিনি।

    পুরভোট প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন, আগামী নভেম্বর মাসে রাজ্যের সব পুরসভায় নির্বাচন হতে পারে। পাশাপাশি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের কাজের ফলে রাজ্যে উন্নয়নের নতুন ধারা তৈরি হচ্ছে এবং পশ্চিমবঙ্গ ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।

     
  • Link to this news (আজ তক)