• আগামীকাল ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প পথে চলবে যানবাহন
    দৈনিক স্টেটসম্যান | ০৬ জুন ২০২৬
  • রবিবার ভোর থেকে রাত পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

    পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতুতে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে দ্বিমুখী যান চলাচল। নির্ধারিত মেরামতির কাজ শেষ হলে রাত ৯টার পর ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতু। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাময়িক বিধিনিষেধ জারি করা হয়েছে।

    তবে যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুটেরও ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া সেতুর দিকে যেতে পারবেন চালকেরা।

    এছাড়া, জেএন আইল্যান্ড থেকে কেপি রোড হয়ে আসা যানবাহনকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুরমুখী সিজিআর রোডের গাড়িগুলিকেও হেস্টিংস ক্রসিং থেকে বিকল্প পথে চালানো হবে। কেপি রোডের যানবাহন ওয়াই পয়েন্ট হয়ে ১১ ফার্লং গেট ও রেড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে।

    উল্লেখ্য, বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স বা এইচআরবিসি। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থাই সেতুর সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়ের কাজ পরিচালনা করে। রবিবার যাত্রী ও পরিবহন সংস্থাগুলিকে আগাম পরিকল্পনা করে যাতায়াতের পরামর্শ দিয়েছে প্রশাসন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)