• স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির পর সুরুচি সঙ্ঘে বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
    দৈনিক স্টেটসম্যান | ০৬ জুন ২০২৬
  • তোলাবাজি, শ্লীলতাহানি ও খুনের হুমকির মামলায় স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার দক্ষিণ কলকাতার সুরুচি সঙ্ঘ ক্লাবে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিকেলে একদল বিক্ষোভকারী ক্লাব প্রাঙ্গণে ঢুকে স্বরূপ বিশ্বাস ও তাঁর ভাই, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ক্লাবের বিভিন্ন হোর্ডিং, পোস্টার ও সামগ্রী নষ্ট করা হয় বলে অভিযোগ।

    বিক্ষোভকারীরা ক্লাবঘরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র বাইরে বার করে আনেন। শাড়ি, খাট, পানীয় জলের বোতল-সহ একাধিক সামগ্রী উদ্ধার করার দাবি করে তাঁরা ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। পাশাপাশি ক্লাবে বেআইনি ও অশালীন কার্যকলাপ চলত বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীদের একাংশ।

    উল্লেখ্য, টলিউডের ফেডারেশন পরিচালনায় দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্বরূপ বিশ্বাস। তাঁর গ্রেপ্তারির পর থেকেই টলিপাড়ার একাংশের শিল্পী ও কলাকুশলীরা নানা অভিযোগ সামনে আনছেন। বৃহস্পতিবার থানায় নিয়ে যাওয়ার সময়ও স্বরূপের বিরুদ্ধে বিক্ষোভ দেখা যায়। শুক্রবার আদালতে তোলা হলে তাঁকে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)