• উন্নয়নের জন্যই মানুষ বিজেপিকে বিশ্বাস করে: মোদি
    বর্তমান | ০৬ জুন ২০২৬
  • সুরাত: দেশজুড়ে উন্নয়নমূলক কাজকর্মের জন্যই মানুষ বিজেপিকে ভরসা করে। শুক্রবার গুজরাতের এক জনসভা থেকে এমনই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন সুরাতে ১৮ হাজার ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মোদি। তারপরেই একটি জনসভা থেকে তিনি বলেন, ‘আমাদের সরকারের কাছে উন্নয়নই প্রথম বিকল্প। সেই জন্যই দেশের মানুষ বারবার বিজেপির পক্ষে ভোট দিয়েছেন।’ পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর সাম্প্রতিক বিদেশ সফরে অন্যতম আলোচনার বিষয় ছিল বাংলা ও অসমে বিশাল জয়। তিনি বলেন, ‘কয়েকদিন আগে পাঁচ দেশের সফরে গিয়েছিলাম। সেখানেও বাংলার জয় নিয়ে আলোচনা হয়েছে।’ প্রসঙ্গত, নরওয়ে সফরের সময় বাংলা ও অসমে বিপুল জয় নিয়ে মোদিকে শুভেচ্ছা জানান সেদেশের প্রাক্তন কূটনীতিক এরিক সোলহেম। তিনি বলেন, পশ্চিমের দেশগুলির উচিত ভারতীয় গণতন্ত্রকে সম্মান করা। 
  • Link to this news (বর্তমান)