• ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে আজ দিল্লির যন্তরমন্তরে ককরোচের প্রথম বিক্ষোভ
    বর্তমান | ০৬ জুন ২০২৬
  • নয়াদিল্লি: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের ইস্তফার দাবিতে আজ, শনিবার রাজধানীর যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রথম প্রতিবাদ মিছিল। ওই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সকাল ৯টায় পার্লামেন্ট স্ট্রিট থানায় হাজির থাকতে সমর্থকদের বলেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সিজেপির তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের যাতে চলাচলে কোনো সমস্যা না হয়, তার জন্য কেউ বিমানবন্দরে আসবেন না। বদলে সবাইকে থানায় হাজির হতে বলা হয়েছে। প্রতিষ্ঠাতা অভিজিৎ বিমানবন্দর থেকে সরাসরি যাবেন থানায়। চাইবেন মিছিলের অনুমতি। ককরোচ পার্টির তরফে জানানো হয়েছে, আইন মেনেই সুশৃঙ্খল প্রতিবাদ মিছিল বের করা হবে। দিল্লি পুলিশের তরফে এদিন জানানো হয়েছে, সমাবেশের কোনও অনুমতিই ককরোচ পার্টির তরফে চাওয়া হয়নি। বিষয়টি স্পষ্ট করেছেন ওই সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি বলেন, দিপকে নয়াদিল্লিতে পা রাখার পরই তাঁরা পুলিশের কাছে অনুমতি চাইতে যাবেন।

    এদিকে ওই এলাকায় বাড়তি পুলিশ বাহিনী মোতায়েনের অনুমতি দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিল সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন নামে একটি সংগঠন। সেই আরজি শুনতেই চায়নি আদালত। আবেদন ছিল, যন্তরমন্তরে প্রবেশের যতগুলি রাস্তা আছে, সবেতেই কড়া প্রহরার ব্যবস্থা করতে বলা হোক পুলিশকে। কিন্তু সেই আবেদনে কর্ণপাত করেনি উচ্চ আদালত। 
  • Link to this news (বর্তমান)