ফিরদৌস হাসান, শ্রীনগর: মেরামত করা হবে রানওয়ে। নতুন করে পিচ ঢালাইয়ের কাজের জন্য আগামী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর। অক্টোবরের প্রথম ১৫ দিন যাত্রীবাহী বিমান চলাচলও সম্পূর্ণ বন্ধ থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১ জুলাই থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত প্রতি সোমবার ও মঙ্গলবার বিমানবন্দরে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর আগে ভারতীয় বায়ুসেনা ফেব্রুয়ারি মাসে জানিয়েছিল, ১ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতি শনিবার ও রবিবার বিমানবন্দর বন্ধ থাকবে। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। নতুন সূচি অনুযায়ী, সপ্তাহান্তের বদলে সোমবার ও মঙ্গলবার বিমানবন্দর বন্ধ রাখা হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে কাশ্মীরের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তাঁদের দাবি, এত বড়ো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। জম্মু ও কাশ্মীর হোটেলিয়ার্স ক্লাবের সভাপতি মুশতাক আহমেদ চায়া বলেন, ‘কাশ্মীরে পর্যটকের সংখ্যা ধীরে ধীরে বাড়ছিল। এই সিদ্ধান্ত সেই ইতিবাচক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।’ তিনি বিমানবন্দর চালু রেখেই কাজ করার জন্য বিকল্প ব্যবস্থা খোঁজার আরজি জানিয়েছেন।