• নদিয়ার চাপড়ায় বোমাবাজি, চলল গুলিও, জখম ১
    বর্তমান | ০৬ জুন ২০২৬
  • সংবাদদাতা, নদিয়া: আজ, শুক্রবার সন্ধ্যায় নদিয়ার চাপড়া থানার বড় আন্দুলিয়ায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আহত হয়েছেন এক ব্যক্তি। তাঁর নাম সামসুল শেখ। তাঁর বাড়ি চাপড়ার বেদবেড়িয়া এলাকায়। জানা গিয়েছে, জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, আজ সন্ধ্যায় বড় আন্দুলিয়ার একটি পেট্রল পাম্প সংলগ্ন কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন সামসুল। অভিযোগ, সেইসময় চারজন দুষ্কৃতী সেখানে এসে পরপর বোমা ছোঁড়ে। এরপর ৩-৪ রাউন্ড গুলিও চালায় তারা। হামলায় সামসুল আহত হন। তারপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। 
  • Link to this news (বর্তমান)