• মঙ্গলাহাটে অচলাবস্থা কাটার ইঙ্গিত ফুটপাতে ব্যবসার জন্য শর্তসাপেক্ষে অনুমতি
    বর্তমান | ০৬ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: টানা দু’সপ্তাহ ফুটপাতে ব্যবসা বন্ধ থাকায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মঙ্গলাহাটের অস্থায়ী ব্যবসায়ীরা। এই অবস্থায় প্রশাসনের তরফে কিছুটা হলেও স্বস্তির বার্তা দেওয়া হল তাঁদের জন্য। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর নির্দিষ্ট সময় ও একাধিক শর্তসাপেক্ষে ফুটপাতে ব্যবসার অনুমতি দেওয়া হয়েছে। ফলে দীর্ঘ টানাপোড়েনের মাঝে অচলাবস্থা কাটার ইঙ্গিত মিললেও আগামী সপ্তাহে বাজার বসার উপরেই অনেক কিছু নির্ভর করছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

    হাওড়া শহরের ঐতিহ্যবাহী মঙ্গলাহাটে ফুটপাতজুড়ে ব্যবসার কারণে পথচারীদের সমস্যা তৈরি হচ্ছিল বলে অভিযোগ। সেই কারণে সম্প্রতি প্রশাসন ফুটপাত থেকে অস্থায়ী ব্যবসায়ীদের সরাতে অভিযান চালায়। ফলে গত দু’সপ্তাহ ধরে ফুটপাতে ব্যবসা করতে পারেননি প্রায় ১০ হাজার ব্যবসায়ী। এর ফলে শুধু ব্যবসায়ীরা নন, সেলাই কারিগর, শ্রমিক-মজুর সহ এই বাজারকেন্দ্রিক অর্থনীতির সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষের রোজগারেও কোপ পড়েছে। মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির (সেন্ট্রাল) সভাপতি মলয় দত্ত জানান, প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানিয়েও দীর্ঘদিন কোনো ইতিবাচক সাড়া মিলছিল না। ব্যবসা বন্ধ থাকলে বহু পরিবার সংকটের মুখে পড়ত। সেই পরিস্থিতিতে ব্যবসায়ীরা ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। এরপর বিষয়টি রাজ্য সরকারের উচ্চপর্যায়ে পৌঁছালে প্রশাসনের তরফে আলোচনার উদ্যোগ নেওয়া হয়।

    বৃহস্পতিবার জেলাশাসক ও পুলিশকর্তাদের সঙ্গে ব্যবসায়ীদের প্রতিনিধি দলের বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতি সোম ও মঙ্গলবার রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফুটপাতে বসে ব্যবসা করা যাবে। তবে রাস্তার উপর কোনোভাবেই বসা যাবে না। চার্চ রোড, মহাত্মা গান্ধী রোড, ঋষি বঙ্কিমচন্দ্র রোড, বিপ্লবী হরেন ঘোষ সরণি ও কার্তিকচন্দ্র দত্ত রোড সকাল ৭টার মধ্যে সম্পূর্ণ ফাঁকা করে দিতে হবে। ত্রিপল টাঙিয়ে বা নিকাশিনালার উপর তক্তপোশ পেতে ব্যবসাও নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশিকা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। ব্যবসায়ীদের একাংশের দাবি, গত দু’সপ্তাহে ব্যবসা বন্ধ থাকায় শুধু ক্ষতিই বাড়েনি, মহাজনদের কাছে দেনার বোঝাও বেড়েছে। ভিন রাজ্যের অনেক পাইকারি ব্যবসায়ীও অনিশ্চয়তার কারণে মাল তুলতে আসছেন না। চলতি মাসেই ওড়িশার জনপ্রিয় ‘রাজা পর্ব’ উৎসব রয়েছে। এই সময় ওড়িশার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ব্যবসায়ী মঙ্গলাহাটে জামাকাপড় কিনতে আসেন। এই অবস্থায় আগামী সপ্তাহে নিয়ম মেনে বাজার বসতে পারলে এবং বাইরের রাজ্যের ক্রেতারা ফিরলে ক্ষতি কিছুটা হলেও লাঘব হবে বলে আশা 

    করছেন তাঁরা।
  • Link to this news (বর্তমান)