• কাটমানি ফেরানোর দাবিতে বিক্ষোভ টোটো চালকদের, আটক ইউনিয়নের সাত সদস্য
    বর্তমান | ০৬ জুন ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখালেন তৃণমূল পরিচালিত টালিখোলা টোটো ইউনিয়নের সদস্যরা। শুক্রবার গোপালনগরের চালকি এলাকায় তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান তাঁরা। টোটো চালকদের চাপে পড়ে কিছু কিছু করে টাকা ফেরত দিতে শুরু করেন ইউনিয়নের নেতারা। কিন্তু সেই টাকা নিতে অস্বীকার করেন চালকরা। টোটো চালকদের দাবি, কাটমানির পুরো টাকা ফেরত দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোপালনগর থানার পুলিশ। তারা ঘটনাস্থল থেকে ইউনিয়নের সাতজন সদস্যকে আটক করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    জানা গিয়েছে, বিগত সরকারের আমলে গোপালনগর ২ নম্বর পঞ্চায়েত এলাকায় তৈরি হয় তৃণমূল পরিচালিত টালিখোলা টোটো ইউনিয়ন। তাদের সদস্য সংখ্যা প্রায় ৩০০। অভিযোগ, এলাকায় টোটো চালাতে হলে ইউনিয়নের অনুমতি লাগত। স্থানীয় তৃণমূল নেতারা ইউনিয়নের নাম করে কারও কাছ থেকে ১৫ হাজার, কারও কাছ থেকে ২০ হাজার, আবার কাউকে চাপ দিয়ে ৪০ হাজার পর্যন্ত নিয়েছেন। এছাড়াও প্রতিমাসে ১৫০ টাকা দিতে হতো টোটো চালকদের। রাজ্যে সরকার বদলের পর এইসব ইউনিয়নের বিরুদ্ধে মুখ খুলেছেন সাধারণ মানুষ। কয়েকদিন ধরে ইউনিয়নের নেতাদের টাকা ফেরতের জন্য চাপ দিচ্ছিলেন টোটো চালকরা।

    জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় তৃণমূল নেতা সৌমেন দত্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তাঁরা। এরপর ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে টাকা ফেরত দেওয়া শুরু হয়। তবে সামান্য কয়েকশো টাকা নিতে অস্বীকার করেন তাঁরা। নজরুল মণ্ডল নামের এক টোটো চালক বলেন, টোটো নামানোর সময় তৃণমূলের ইউনিয়নকে ২৫ হাজার টাকা দিতে হয়েছিল। আরও এক হাজার টাকা মিষ্টি খেতে দিতে বাধ্য হয়েছিলাম। এখন মাত্র ১৮০০ টাকা ফেরত দেবে বলছে। মেহেদি মণ্ডল বলেন, ‘রোড ট্যাক্স’ হিসাবে তৃণমূল নেতারা ইউনিয়নের মাধ্যমে আমার কাছ থেকে ৩৭ হাজার টাকা নিয়েছিলেন। এই টাকার কোনো হিসাব নেই। আমি পুরো টাকা ফেরত চাই।

    ইউনিয়নের সভাপতি তথা তৃণমূল নেতা কুতুবউদ্দিন মণ্ডল বলেন, টোটো চালকদের কাছ থেকে নেওয়া টাকা তাঁদের বিপদে আপদেই খরচ করা হয়েছে। কেউ মারা গেলে কিংবা দুর্ঘটনায় জখম হলে ওই পরিবারের সদস্যদের সাহায্য করা হত। কিছু বাড়তি টাকা ছিল, সেগুলি সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, এদিন ইউনিয়নের কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)