তৃণমূলের পার্টি অফিস থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার, চাঞ্চল্য শ্রীরামপুরে
বর্তমান | ০৬ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: তৃণমূলের পার্টি অফিস থেকে বিপুল পরিমাণে ত্রাণ ও সাফাই কাজের সরকারি সামগ্রী উদ্ধার হয়েছে। শুক্রবার হুগলির শ্রীরামপুর মহকুমার রাজ্যধরপুরে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, এদিন স্থানীয় মানুষ এবং বিজেপি কর্মীরা দেখতে পান, তৃণমূলের অফিসে বিপুল সংখ্যক সরকারি সামগ্রী মজুত করে রাখা হয়েছে। তারপরেই হইচই শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের ওই অফিসটি সিমলা কালীতলা এলাকায়। অফিসটি প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি মোহন মণ্ডলের। সেখানে শুক্রবার ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি পালন করতে গিয়েছিলেন বিজেপি কর্মী ও স্থানীয়রা। তখনই ত্রাণসামগ্রী মজুতের ঘটনাটি প্রকাশ্যে আসে। তৃণমূলের ওই অফিস থেকে প্রচুর পরিমাণ সাদা থান, সলিডওয়েস্ট ম্যানেজমেন্টের কাজে বিতরণের জন্য বরাদ্দ বালতি, মশারি সহ নানা ত্রাণসামগ্রী পাওয়া গিয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে শ্রীরামপুর থানার পুলিশ। বিজেপি কর্মীদের অভিযোগ, ত্রাণ ও সাফাই কাজের সামগ্রী বিলিবণ্টন না করে বিক্রি করার উদ্দেশ্যেই তৃণমূলের পার্টি অফিসে রাখা হয়েছিল। দলীয় অফিসে সরকারি জিনিস রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি কর্মীদের দাবি, সাদা থান মজুত করা হয়েছিল বিরোধীদের ভয় দেখানোর জন্য। যদিও মোহনবাবু বলেন, সরকারি কিছু জিনিস ভোটের মুখে এসেছিল। তখন বিলি করা যায়নি। সাধারণ মানুষ যাতে সহজে সেগুলি পান, তারজন্যই দলীয় অফিসে রাখা হয়েছিল। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে বালতিগুলি এলাকার মানুষকে দেওয়া হয়েছে। অকারণে বিষয়টি নিয়ে হইচই করা হচ্ছে। শ্রীরামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, পঞ্চায়েত অফিস তো এলাকাতেই আছে। সেখানে রাখার ক্ষেত্রে সমস্যা কী ছিল? অনিয়মের সাম্রাজ্য সর্বত্র গড়ে উঠেছে। পুলিশকে বলব, সুষ্ঠুভাবে তদন্ত করতে। নিজস্ব চিত্র