স্বরূপ গ্রেপ্তার হতেই ভাঙচুর বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সংঘে
বর্তমান | ০৬ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ আলিপুরে ‘বিশ্বাস ব্রাদার্স’এর ক্লাব সুরুচি সংঘের উপর আছড়ে পড়ল জনরোষ। তালা ভেঙে ক্লাবের ভিতর ঢুকে ভাঙচুর চালাল জনতা। সুরেন্দ্রনাথ কলেজের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের ক্লাবে বৈভবের ঘনঘটা। ক্লাবের ভিতর মিলল বিলাসবহুল খাট। সঙ্গে দামি দামি আসবাব। রীতিমতো আলাদা রুম বানানো হয়েছিল ক্লাবের ভিতর। ক্লাবের ভিতর থেকে মিলেছে একাধিক শাড়ি, আইফোন, ঘড়ি ও আইপ্যাড।
সুরুচি সংঘের দুর্গা প্রতিমা দর্শনের জন্য লম্বা লাইন পড়ে প্রতিবছর। দূরদূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। এই ক্লাব বিশ্বাস বাদ্রার্সের ক্লাব নামেই পরিচিত। সেই ক্লাবেই শুক্রবার বিকেল থেকে ক্ষোভের বিস্ফোরণ ঘটল। বিকেল চারটা নাগাদ স্থানীয় একদল জনতা অরূপ ও স্বরূপের বিরুদ্ধে চোর চোর স্লোগান দিতে দিতে ক্লাবের সামনে হাজির হন। তাঁরা প্রথমেই ক্লাবের সামনে থাকা ব্যানার-হোডিং ছিঁড়ে দেন। এরপর তালা ভেঙে সোজা ক্লাবের ভিতর ঢুকে যান। সেখানে ঢুকে জিনিসপত্র ঘাঁটতে শুরু করেন। উদ্ধার হয় প্রচুর দামি দামি শাড়ি। বিদেশি ব্রান্ডের ঘড়ি, আইফোন ও আইপ্যাড। সেগুলি ভেঙে তছনছ করে দেন বিক্ষুব্ধ জনতা। একজনকে বলতে শোনা যায় ‘মিক্সিটা নিয়ে নে’। বেশ কিছু সামগ্রী বিক্ষোভকারীরা লুট করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, তাঁরা ক্লাবের উপরে উঠে দেখেন, সেখানে একটি বেড রুম হয়েছে। সেখানে খাট রাখা আছে। সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের আসবাব। বিক্ষোভরতদের দাবি, এখানে রাতে ফূর্তির আসর বসত। ক্লাবের মধ্যে মিলেছে তৃণমূলের পতাকা, প্রচুর জলের বোতল। বেশ কিছু সময় ধরে তাণ্ডব চলার পর কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। নিজস্ব চিত্র